ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৪১ জন

হাসপাতালে ডেঙ্গু রোগী
ফাইল ছবি: প্রথম আলো

দেশে সবশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত) নতুন ৪১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন রোগীদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ২১ জন ও ঢাকার বাইরে ২০ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২৪৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে ঢাকা মহানগরের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১৫২ জন, ঢাকার বাইরের হাসপাতালে আছেন ৯৭ জন।

দুই দশকের বেশি সময় ধরে ডেঙ্গু বাংলাদেশে বড় ধরনের সমস্যা। ২০০০ সালের পর থেকে প্রতিবছর বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং এতে মৃত্যুও হচ্ছে। ২০২১ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি হন। তাঁদের মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

গত ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়েছে। আর এ সময় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৪ জন। আগের বছরের (২০২১) চেয়ে আক্রান্তের এ হার প্রায় পাঁচ গুণ বেশি। ২০২১–এর ডিসেম্বরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ২০৭ জন, আর মারা যান ৭ জন।