রাজধানীর বিজয়নগরে ভবনে আগুন

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট
ছবি: সংগৃহীত

রাজধানীর বিজয়নগরে একটি দোতলা ভবনের ছাদের টিনশেডে আগুন লেগেছে। তাৎক্ষণিকভাবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সেখানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নেভাতে চেষ্টা করছে বলে বাহিনীর মিডিয়া সেলের কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানিয়েছেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিজয়নগরে হোটেল ৭১–এর গলিতে একটি দোতলা ভবনের ওপরে একতলা টিনশেডে আগুন লাগে। প্রথমে কালো ধোঁয়া বের হতে থাকলেও ওই টিনশেডে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আগুন নেভাতে পুরান ঢাকার সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট অংশ নেয়। আগুনের তীব্রতা বাড়লে আরও দুটি ইউনিট অংশ নেয়। পরে আরও পাঁচটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।

ভবনটিতে রেস্তোরাঁ ও বৈদ্যুতিক সরঞ্জামের গুদাম রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।