
রাজধানীর চকবাজারের ইমামগঞ্জের একটি হার্ডওয়্যার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত পৌনে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে। প্রায় সোয়া দুই ঘণ্টার চেষ্টায় রাত ১টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষ থেকে বলা হয়েছে, মার্কেটে আগুন লাগার খবর পাওয়ার পর রাত ১০টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে আরও একটি ইউনিট যুক্ত হয়।
এ ঘটনায় এখনো হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা এরশাদ হোসেন জানিয়েছেন। অগ্নিকাণ্ডের ও ক্ষয়ক্ষতির বিষয়েও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।