কানে হেডফোন লাগিয়ে রেললাইন পার, ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু

ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক তরুণ নিহত হয়েছেন। কানে হেডফোন লাগিয়ে ওই তরুণ রেললাইন পার হচ্ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত তরুণের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর। তাঁর পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ঢাকা রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সানু মং মারমা প্রথম আলোকে বলেন, নিহত তরুণ কানে হেডফোন লাগিয়ে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ নামের একটি ট্রেন কমলাপুর অভিমুখে যাচ্ছিল। ট্রেন যে আসছে, সেটা তিনি খেয়াল করেননি।

আশপাশের লোকজন চিৎকার করে সরে যাওয়ার কথা বললেও তরুণ তাঁদের চিৎকার শুনতে পারেননি। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সানু মং মারমা আরও বলেন, ওই তরুণের সঙ্গে থাকা মুঠোফোনটিও ভেঙে নষ্ট হয়ে গেছে। তাঁর পরনে ছিল গাঢ় নীল রঙের ট্রাউজার ও কালো টি-শার্ট। আইনি প্রক্রিয়া শেষে তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।