রাজধানীর মধ্য বাড্ডায় জাতীয়তাবাদী চালক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. জুয়েল খন্দকার (৫০) গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে অজ্ঞাত সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা চালায়। তিনি ডান ঊরুতে গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে নিয়ে আসা আহতের ছোট ভাই মো. রিপন বলেন, তাঁর ভাই রাজনীতি করেন। সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ বলেন, গুলিবিদ্ধ জুয়েল খন্দকার জরুরি বিভাগে চিকিৎসাধীন।
জুয়েলের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায়। তাঁর বাবার নাম রবিউল্লাহ খন্দকার। জুয়েল পরিবার নিয়ে বাড্ডা এলাকায় থাকেন।