রাজধানীর সড়কে নামছে নারী চালক ও কন্ডাক্টর পরিচালিত বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস’
রাজধানীর সড়কে নামছে নারী চালক ও কন্ডাক্টর পরিচালিত বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস’

রাজধানীতে মঙ্গলবার চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’, চালক ও কন্ডাক্টর নারী

রাজধানী ঢাকায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস চালু হচ্ছে আগামী মঙ্গলবার। ওই দিন সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ সার্ভিসের উদ্বোধন করা হবে।

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিআরটিসি।

সংস্থাটি জানায়, গোলাপি রঙের এসব বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরাই।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা।

নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতে প্রস্তুত বিআরটিসির গোলাপি রঙের বিশেষ ‘মহিলা বাস’। আগামী মঙ্গলবার থেকে রাজধানীতে চলবে নারী চালক ও কন্ডাক্টর পরিচালিত এসব বাস

বিআরটিসি জানিয়েছে, নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন নিশ্চিত করার পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। উদ্বোধনের পর নির্ধারিত রুটে এসব বাস চলাচল করবে।