
মহান বিজয় দিবস উপলক্ষে ৪১ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে রাজধানীর খিলগাঁওয়ের সামাজিক সংস্থা পল্লীমা সংসদ। আজ শুক্রবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁদের সম্মাননা দেওয়া হয়।
পল্লীমা সংসদের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর মাসব্যাপী আয়োজন চলছে। এর অংশ হিসেবে পল্লীমা সংসদের অঙ্গপ্রতিষ্ঠান শহীদ বাকী স্মৃতি পাঠাগারের উদ্যোগে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া প্রয়াত গণসংগীত শিল্পী বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীরসহ (মরণোত্তর) বাকী ইউনিট ও পল্লীমা সংসদের ৪১ বীর মুক্তিযোদ্ধাকে আজ সন্ধ্যায় সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি সেখাসে মুক্তিযোদ্ধাদের গল্প শোনানোর একটি পর্ব ছিল।
মুক্তিযুদ্ধের সময় বাকী ইউনিট ২ নম্বর সেক্টরের একটি গেরিলা ইউনিট ছিল। শহীদ আবদুল্লাহ হেল বাকী ছিলেন (বীর প্রতীক) এই ইউনিটের কমান্ডার। পল্লীমা সংসদের সাংগঠনিক সম্পাদক শহীদ আবদুল্লা হেল বাকী ১৯৭১ সালের ৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে নিহত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লীমা সংসদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিদ্দিক উল্লাহ। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ না হলে আমরা জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম না। অনেক রক্তের বিনিময়ে এ বিজয়। আমাদের সবার দায়িত্ব আছে এ দেশের প্রতি, দেশের মানুষের প্রতি। আমরা কীভাবে সামনে এগোব, সেটি ভাবতে হবে। মুক্তিযোদ্ধাদের রক্তের প্রতিদান দেওয়া সম্ভব নয়। তবে দেশের জন্য অবদান রাখা প্রত্যেকের দায়িত্ব।’
পল্লীমা সংসদের সাধারণ সম্পাদক এরশাদ মনসুর বলেন, ‘ডিসেম্বর মাস এ সংগঠনের জন্য গুরুত্বপূর্ণ মাস। বিজয় দিবসসহ সারা মাস ধরে আমরা নানা আয়োজন করে থাকি। বীর মুক্তিযোদ্ধাদের ঋণ পরিশোধ করা সম্ভব নয়। তবে তাদের সম্মাননা জানাতে পেরে আমরা গর্বিত।’
অনুষ্ঠানে শহীদ বাকী স্মৃতি পাঠাগারের সম্পাদক আনিসুল হোসেন মুক্তিযুদ্ধের বাকী ইউনিটের মুক্তিযোদ্ধাদের ইতিহাস সংরক্ষণে পাঠাগারের পক্ষ থেকে একটি আর্কাইভ গড়ে তোলার কথা জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাকী ইউনিটের বীর মুক্তিযোদ্ধা আ র ম আজিম শফিক, বীর মুক্তিযোদ্ধা এস এম আতিউর রহমান আতিক চুনী, বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুর ও রহমান শহীদ, পল্লীমা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোশাররফ হোসেন এবং প্রতিষ্ঠাতা সভাপতি হাফিজুর রহমান ময়না।
আলোচনা সভা শেষে শহীদ বাকী স্মৃতি পাঠাগারের সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।