মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের দ্বিতীয় তলায় দুপুরে সন্দেহজনক ব্যাগটি দেখা যায়। মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন, ১ আগস্ট
মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের দ্বিতীয় তলায় দুপুরে সন্দেহজনক ব্যাগটি দেখা যায়। মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন, ১ আগস্ট

মেট্রোর স্টেশনে ব্যাগে পাওয়া গেল জর্দার কৌটা ও পান

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে পাওয়া দুটি ব্যাগে কোনো বিস্ফোরক দ্রব্য নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

আজ শনিবার দুপুরে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

দুপুর ১২টার দিকে সন্দেহজনক ব্যাগ পাওয়ার পর দুটি স্টেশন বন্ধ করে দেওয়া হয়। বেলা একটা ৪০ মিনিটের দিকে স্টেশনদুটি খুলে দেওয়া হয়। মেট্রো চলাচল স্বাভাবিক আছে।

পুলিশ জানায়, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে পড়ে থাকা সন্দেহজনক ব্যাগটির প্রথমে এক্স-রে করা হয়। ভেতরে কৌটার মতো একটি বস্তু দেখা যায়। পরে ব্যাগটি নিরাপদে খোলা হয়। পরীক্ষা করে দেখা যায়, ব্যাগের ভেতরে ছিল জর্দার একটি কৌটা ও পান। কোনো ধরনের বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু পাওয়া যায়নি।

তেজগাঁও থানার ফার্মগেট এলাকায় পরিত্যক্ত বস্তাটিও পরীক্ষা করেছে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। বস্তার ভেতরেও কোনো বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু দেখা যায়নি। ডিএমপি জানিয়েছে, এসব ঘটনায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এমআরটি পুলিশের পরিদর্শক মো. সোহেল চৌধুরী বেলা তিনটার দিকে প্রথম আলোকে বলেন, মেট্রো চলাচল এখন চলাচল স্বাভাবিক আছে।

দুপুর ১২টার দিকে স্টেশন দুটিতে দুটি সন্দেহজনক ব্যাগ পাওয়ার কথা জানায় পুলিশ। সাময়িকভাবে স্টেশন দুটির কার্যক্রম বন্ধ রাখা হয়। মেট্রোরেল এই স্টেশন দুটিতে সে সময় থামেনি।

পুলিশ এর আগে জানায়, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের দ্বিতীয় তলায় একটি সন্দেহজনক ব্যাগ দেখতে পান কয়েকজন। একই সময়ে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচতলায় একটি পিলারের পাশে আরেকটি সন্দেহজনক বস্তা পড়ে থাকতে দেখা যায়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান দুপুরে প্রথম আলোকে বলেন, মেট্রোরেল কর্তৃপক্ষ জানানোর পর পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে। ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেখানে কাজ করে।

ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচতলায় সন্দেহজনক বস্তা। পরে এতে কিছু পাওয়া যায়নি। ফার্মগেট মেট্রোরেল স্টেশন, ১ আগস্ট

তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি পিলারের পাশে সন্দেহজনক একটি বস্তা পাওয়া গেছে। সেটিও পরীক্ষা–নিরীক্ষা করেছে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।