যানজটে সকাল থেকে দুপুর পর্যন্ত নাকাল ঢাকাবাসী

মহাখালীতে যানজট। দুপুর ১২টার দিকে
ছবি: খালেদ সরকার

ঢাকার বিভিন্ন এলাকায় আজ বৃহস্পতিবার সকাল আটটার পর থেকে তীব্র যানজট শুরু হয়। এতে দুর্ভোগে পড়ে নগরবাসী। যানজটের কারণে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি চাকরিজীবী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পুলিশ সূত্র জানায়, সকালে শেরেবাংলা নগর এলাকায় ভিভিআইপি মুভমেন্ট ছিল। এ কারণে মিরপুর রোডের কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, ফার্মগেট, কারওয়ান বাজার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে।

গুগল ম্যাপে যানজট। বেলা সোয়া একটার দিকে

পরে সকাল ১০টার দিকে এসব এলাকায় যানজট কিছুটা কমে আসে। তবে বেলা ১১টার পর থেকে মিরপুর রোড, মহাখালী, শাহবাগে যানজট বেড়ে যায়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অস্মিতা বিশ্বাস সকাল ১০ টার দিকে পুরান ঢাকা থেকে রাজধানীর কারওয়ান বাজারের উদ্দেশে রওনা হন। আড়াই ঘণ্টা পর তিনি সাড়ে ১২ টার দিকে গন্তব্যে পৌঁছান। অন্যান্য দিন তাঁর এই পথে এক ঘণ্টার কিছু বেশি সময় লাগে। এর মধ্যে তিনি শাহবাগেই ৫০ মিনিট আটকে ছিলেন বলে জানালেন।

মহাখালীতে যানজট। দুপুর ১২টার দিকে

রমনা এলাকায় যানজটের কারণ হিসেবে পুলিশ জানায়, মগবাজার এলাকায় রাস্তায় নির্মাণসামগ্রী পড়েছিল। এতে যানজট বাড়ে। সেখানে একটি গার্ডার পড়ে যাওয়ার কারণেও যানজট হয় বলে জানায় পুলিশ।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বিকেলে আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন এলাকা থেকে নেতা–কর্মীরা সমাবেশস্থলে যাচ্ছেন। এ কারণেও যানজট হয়। বেসরকারি একটি ব্যাংকে চাকরি করেন সোহেল রানা। সকাল ৯টার দিকে তিনি প্রথম আলোকে জানান, গাবতলী থেকে শ্যামলী আসতে তাঁর এক ঘণ্টার বেশি সময় লেগেছে। রাস্তায় যানজট না থাকলে এতটুকু পথ আসতে তাঁর ১৫ মিনিট সময় লাগে।

ঢাকার মিরপুর রোডে দুপুর সাড়ে ১২টার দিকে তীব্র যানজট।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক তেজগাঁও বিভাগের দায়িত্বে থাকা মোস্তাক আহমেদ প্রথম আলোকে বলেন, ভিভিআইপি মুভমেন্ট ও মগবাজার রাস্তায় একটি গার্ডার পড়ে থাকায় যানজট বেড়েছে। সকাল ১০টার দিকে রাস্তা থেকে গার্ডারটি সরিয়ে ফেলার পর যান চলাচল স্বাভাবিক হয়।

মানিক মিয়া অ্যাভিনিউতে দুপুর পৌনে একটার দিকে ছিল এমন যানজট