
মৌলভীবাজারের ডুলুকছড়াপুঞ্জির খাসি জনগোষ্ঠীর মানুষদের ওপর হামলা ও তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছে। ওই পুঞ্জি পরিদর্শন করে আসা নাগরিক প্রতিনিধিদলের এক সভায় এই অভিযোগ করা হয়। সভায় বক্তারা বলেন, ভূমি দখলের চেষ্টাতেই কুলাউড়া উপজেলার পুঞ্জিতে এই অনিয়ম চলছে।
রাজধানীর আসাদ গেটের ওয়াইডব্লিউসিএ মিলনায়তনে আজকের সভাটি হয়। নাগরিক প্রতিনিধিদল ২৩ ও ২৪ নভেম্বর এই পুঞ্জি পরিদর্শন করে। গত বছরের আগস্ট মাসে এই পুঞ্জিতে হামলা হয়। তবে এখন স্থানীয় পুঞ্জির অধিবাসীদের ওপর মামলা হচ্ছে বলে জানান সভার বক্তারা। আজকের সভার আয়োজন করে মানবাধিকার সংগঠন কাপেং ফাউন্ডেশন।
আজকের সভায় খাসিদের প্রতিনিধি আরপিলস মারলিয়া বলেন, ‘বন বিভাগ বারবার মিথ্যা মামলা দিয়ে অর্থনৈতিক ও মানসিক চাপ দিচ্ছে। পুঞ্জিতে এমন হয়েছে যে বর্তমানে মামলার পেছনে টাকা খরচ করতে করতে সন্তানের শিক্ষার খরচ বহন করতে পারছে না অনেকই। এতে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে অনেক ছাত্রছাত্রী। যেকোনো মুহূর্তে আমাদের উচ্ছেদ ও পানজুম ধ্বংস করতে পারেন বন বিভাগসহ স্থানীয় ভূমিদস্যুরা। এ কারণে আমরা নিরাপত্তাহীনতায় দিন পার করছি।’
সভায় আইনজীবী পারভেজ হাসেম বলেন, বনে যাঁরা বসবাস করছেন, তাঁরা আজ সেই বনে পরবাসী হয়ে আছেন। প্রশাসনের উচিত ভূমি লিজ দেওয়ার ক্ষেত্রে এই বনের সঙ্গে কারা সংশ্লিষ্ট আছেন তা দেখা। প্রশাসন ভূমি লিজ দেওয়ার ক্ষেত্রে বনবাসীদের গুরুত্ব না দিয়ে বন নিয়ে যাঁরা মুনাফা করতে পারেন, তাঁদের গুরুত্ব দেয়।
নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন বলেন, বনবাসীদের ওপর হামলা ও নির্যাতন প্রতিরোধে একটি কর্মপরিকল্পনা তৈরি করা দরকার।
পরিবেশবাদী সংগঠন বাপার নির্বাহী কমিটির সদস্য ফাদার যোসেফ বলেন, মৌলভীবাজার খাসি জনগোষ্ঠীকে উচ্ছেদকরণের যে প্রক্রিয়া, সেটা দীর্ঘদিনের প্রক্রিয়া। সেই প্রক্রিয়া বর্তমানে প্রকট আকারে ধারণ করছে।
লেখক পাভেল পার্থ বলেন, খাসি জনগোষ্ঠীর মানুষ যে পদ্ধতিতে পান চাষ করে, তা ঐতিহ্যগত পদ্ধতি। খাসি–অধ্যুষিত এলাকা হতে পারত বিশেষ কৃষি ঐতিহ্য অঞ্চল। কিন্তু তা করা হয়নি।
কাপেং ফাউন্ডেশনের ব্যবস্থাপক হিরণ মিত্র চাকমা বলেন, ‘আদিবাসী–অধ্যুষিত এলাকায় যে ঘটনাগুলো ঘটছে, তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আদিবাসীদের কোণঠাসা করার জন্য মিথ্যা মামলা দিয়ে হয়রানির ঘটনা এখন অহরহ হচ্ছে।’
সভায় মূল প্রতিবেদন পাঠ করেন কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারহা তানজীম এবং সঞ্চালনা করেন কাপেং ফাউন্ডেশনের সমন্বয়কারী হেলেনা তালাং।
বন বিভাগের বক্তব্য: ডুলুকছড়াপুঞ্জিতে খাসিদের ওপর হামলা ও মিথ্যা মামলার অভিযোগের বিষয়ে এ অঞ্চলের দায়িত্বে থাকা বন বিভাগের সহকারী বন সংরক্ষক জি এম আবু বকর সিদ্দিকের সঙ্গে কথা হয় প্রথম আলোর। আবু বকর সিদ্দিক বলেন, মিথ্যা মামলা বা হয়রানির কোনো ঘটনা ঘটেনি। বন বিভাগের জায়গায় খাসিরা অবৈধ দখল নিয়ে আছেন। তাঁরা সেখানে যেতে দেন না বন বিভাগের লোকদের।