চাকরি দশম গ্রেডে উন্নীত করার দাবিতে আজ শুক্রবার বেলা আড়াইটা থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর শাহবাগের চারুকলা ইনস্টিটিউটের সামনের সড়কে অবস্থা্ন নিয়ে বিক্ষোভ করেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা
চাকরি দশম গ্রেডে উন্নীত করার দাবিতে আজ শুক্রবার বেলা আড়াইটা থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর শাহবাগের চারুকলা ইনস্টিটিউটের সামনের সড়কে অবস্থা্ন নিয়ে বিক্ষোভ করেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা

পাঁচ ঘণ্টা পর চারুকলার সামনে থেকে সরলেন প্রাথমিকের শিক্ষকেরা

পাঁচ ঘণ্টা পর রাজধানীর শাহবাগের চারুকলা ইনস্টিটিউটের সামনের সড়ক থেকে সরলেন আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। চাকরি দশম গ্রেডে উন্নীত করার দাবিতে আজ শুক্রবার বেলা আড়াইটা থেকে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন এই শিক্ষকেরা। তাঁরা সরে যাওয়ার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ সূত্র জানায়, আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেওয়ার জন্য দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করেন। তাঁরা চারুকলা ইনস্টিটিউটের সামনে এলে পুলিশ বাধা দেয়। এ সময় আন্দোলনকারী শিক্ষকেরা সেখানে বসে পড়েন। পরে তাঁদের মধ্য থেকে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল সেখান থেকে প্রধান উপদেষ্টার বাসভবনে আলোচনা করতে যান।

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর প্রথম আলোকে বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা আগামী ৩১ জানুয়ারি জেলায় জেলায় কর্মসূচি দেওয়ার কথা বলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহবাগের সড়ক ছেড়ে চলে যান। এরপর ওই সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।