পাহারা না দিলে ক্ষমতাসীনেরা নিপীড়কে পরিণত হয়: আনিসুল হক

বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে অতিথিরা
ছবি: প্রথম আলো

পাহারা দিয়ে না রাখলে যেকোনো দেশের নির্বাচিত ক্ষমতাসীনেরা দুর্বিষহ নিপীড়কে পরিণত হয়। ক্ষমতাকে এই পাহারা দেওয়ার কাজটি করে থাকে মূলত স্বাধীন বিচার বিভাগ এবং গণমাধ্যম।  

আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও সাহিত্যিক আনিসুল হক। অনুষ্ঠানের আয়োজক ছিল বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব।

আনিসুল হক বলেন, যেকোনো দেশে সরকারকে নির্বাচিত করা হয় চার বা পাঁচ বছরের জন্য। কিন্তু ক্ষমতাকে পাহারা দিয়ে না রাখা হলে সেটি দুর্বিষহ নিপীড়নতন্ত্রে পরিণত হয়। এটাই জগতের নিয়ম। আর সরকার বা ক্ষমতাকে নিপীড়নতন্ত্রে পরিণত হতে বাধা দেয় স্বাধীন বিচার বিভাগ ও গণমাধ্যম।

দেশের অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও ‘কিছু’ যদি থেকে থাকে, তাহলে সেটা বিচার বিভাগ ও গণমাধ্যমের রয়েছে বলেও মন্তব্য করেন আনিসুল হক। তিনি বলেন, দেশের বিচার বিভাগ এখনো স্বাধীনভাবে রায় দিচ্ছে, গণমাধ্যম এখনো স্বাধীনভাবে অনেক কিছু বলছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য মাহবুবুর রহমান বলেন, ‘আমরা প্রত্যাশা করি, এখান থেকে স্নাতক হওয়ার পরে কোনটা ভালো, কোনটা মন্দ, সেটা তোমরা বুঝতে শিখবে। সেই সঙ্গে যোগাযোগ করার জন্য ন্যূনতম কথা বলার যে দক্ষতা প্রয়োজন, তা-ও তোমরা অর্জন করতে পারবে। তোমরা এই দক্ষতা অর্জন করতে পারো বিতর্কের মধ্য দিয়ে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিজানুর রহমান, ক্যাফে সাও পাওলোর মহাব্যবস্থাপক শাহীন সারওয়ার প্রমুখ।

‘পঞ্চম অস্ট (এইউএসটি) ডিসি ন্যাশনাল ২০২৩’ এ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জাহাঙ্গীরনগর ডিবেট অর্গানাইজেশনকে হারিয়ে শিরোপা জিতেছে চট্টগ্রাম ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। কলেজ পর্যায়ে রেমিয়েন্স ডিবেটিং সোসাইটিকে হারিয়ে জয়ী হয়েছে নেভিয়েন্স ডিবেটিং সোসাইটি।

এবার বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৩২টি ও কলেজ পর্যায়ের ২০টি দল এ বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় বলে জানান আয়োজকেরা। এ আয়োজনে এবার প্রধান পৃষ্ঠপোষক ছিল ক্যাফে সাও পাওলো। মিডিয়া সহযোগী হিসেবে ছিল প্রথম আলো, প্র স্বপ্ন নিয়ে, কিশোর আলো, বিজ্ঞানচিন্তা, যমুনা টেলিভিশন ও রেডিও দিনরাত।