
বিএনপির ডাকা তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিন বৃহস্পতিবার রাতে রাজধানীর দিয়াবাড়ি এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়েছে। রাত সোয়া ১১টার দিকে দিয়াবাড়ির রয়েল সিটি গেট এলাকায় ট্রান্স সিলভা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে এ তথ্য জানিয়ে বলা হয়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে মাতুয়াইলে আসিয়ান পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। তার আগে বেলা আড়াইটার দিকে বাড্ডার শাহজাদপুরে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
বিএনপির এই দফা অবরোধের মধ্যে বুধবার ও বৃহস্পিতবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল করে দলটি। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদ ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ৩১ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত দুই দফায় পাঁচ দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি দেয় বিএনপি। বুধবার তৃতীয় দফায় দুই দিনের অবরোধ শুরু হয়।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, প্রথম দফার অবরোধের তিন দিনে মোট ৩০টি যানবাহনে আগুন দেওয়া হয়। আর দ্বিতীয় দফার অবরোধে আগুন দেওয়া হয় ২৬টি গাড়িতে।