ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) ও গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পর এবার গুলশান অঞ্চলের অতিরিক্ত উপকমিশনারকে (এডিসি) বদলি করা হয়েছে। বদলি হওয়া এই কর্মকর্তার নাম মো. সরোয়ার হোসাইন। এ ছাড়া ডিএমপির আরও তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
আজ শনিবার ডিএমপি সদর দপ্তরের এক অফিস আদেশে এ বদলির কথা জানানো হয়। আদেশে বলা হয়েছে অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
আদেশে জানানো হয় গুলশান অঞ্চলের এডিসি সরোয়ার হোসাইনকে গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগের ডেমরা অঞ্চলে বদলি করা হয়েছে। আর ডিএমপির ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের এডিসি মো. আমিনুল হককে গুলশান অঞ্চলের নতুন এডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই আদেশে ডিএমপির ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. জাহিদুল ইসলামকে মিরপুর অঞ্চলে এবং মিরপুর অঞ্চলের এডিসি ফারজিনা নাসরিনকে মিরপুর গোয়েন্দা বিভাগের পল্লবী অঞ্চলে বদলি করা হয়।
এর আগে ১১ সেপ্টেম্বর দুপুরে গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক শ নেতা-কর্মী জড়ো হয়ে ঝটিকা মিছিল করেন। এ সময় তাঁরা সরকারবিরোধী স্লোগান দেন। মিছিল থেকে এক পর্যায়ে গুলশান ও এর আশপাশ এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করেও ককটেল নিক্ষেপ করেন। পরে পুলিশ রাবার বুলেট ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়।
কড়া নিরাপত্তার মধ্যে গুলশানে এমন মিছিলের ঘটনায় রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা নিয়েও প্রশ্ন ওঠে। এ ঘটনার জেরে ১৬ সেপ্টেম্বর গুলশান বিভাগের উপকমিশনার ও গুলশান থানার ওসিকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছিল। এবার গুলশান অঞ্চলের এডিসিকেও বদলি করা হলো।