ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

বিপিএল মিউজিক ফেস্ট: আগামীকাল মিরপুরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল সোমবার ‘বিপিএল টি–২০ মিউজিক ফেস্ট’ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ অনুষ্ঠানকে কেন্দ্র করে সুষ্ঠুভাবে যানবাহন চলাচলের জন্য স্টেডিয়াম ও মিরপুর-১০ গোলচত্বর এলাকায় ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এই দিন বেলা ১টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব এলাকায় যান চলাচলে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে, মিরপুর-১ থেকে মিরপুর ১০, ১১, ১২ ও ১৪ এলাকায় চলাচলকারী যানবাহন সনি সিনেমা হলের পাশ দিয়ে চিড়িয়াখানা সড়ক ব্যবহার করে রাইনখোলা ক্রসিং হয়ে প্রশিকা মোড় ব্যবহার করবে।

মিরপুর-১২ থেকে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় চলাচলকারী যানবাহন অরিজিনাল-১০ হয়ে ডানে মোড় নিয়ে প্রশিকা মোড় সড়ক ব্যবহার করবে।

আগারগাঁও হয়ে মিরপুর-১০ গোলচত্বর দিয়ে মিরপুর-১ ও মিরপুর-১২ অভিমুখে চলাচলকারী যানবাহনগুলোকে মিরপুর-১০ গোলচত্বর পরিহার করে আগারগাঁও থেকে বাঁয়ে মোড় নিয়ে শ্যামলী-শিশুমেলা-টেকনিক্যাল মোড়-সনি সিনেমা হল ক্রসিং হয়ে চিড়িয়াখানা সড়কের রাইনখোলা ক্রসিং ব্যবহারের অনুরোধ করা হয়েছে।