বারান্দার নিচের দিকে ঘাপটি মেরে বসে আছে চোর
বারান্দার নিচের দিকে ঘাপটি মেরে বসে আছে  চোর

উত্তরায় শ্রীলঙ্কার এক নাগরিকের বাসায় চুরি

রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরে শ্রীলঙ্কার এক নাগরিকের বাসায় আজ শুক্রবার ভোরে চুরির ঘটনা ঘটেছে। ওই ব্যক্তির নাম কানিশকা হারিন্ড্রা পেরেরা। তাঁর অভিযোগ, চোর চক্র বাসা থেকে নগদ টাকাসহ ৫১ লাখ ২৭ হাজার টাকার স্বর্ণালংকার চুরি করেছে।

কানিশকা হারিন্ড্রা পেরেরা জানান, তিনি এনভয় গ্রুপে কর্মরত। স্ত্রীকে নিয়ে থাকেন উত্তরার ৩ নম্বর সেক্টরের একটি ভবনের চতুর্থ তলায়। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঘুম থেকে উঠে দেখেন বাসার মালামাল এলোমেলো। ঘরের আলমারি খোলা। ঘরে থাকা ৪ লাখ ৮০ হাজার নগদ টাকা এবং স্বর্ণালংকার মিলে ৫১ লাখ টাকার বেশি মূল্যমানের মালামাল নেই।

শ্রীলঙ্কার নাগরিক কানিশকা হারিন্ড্রা পেরেরা আরও জানান, বাসার ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, আজ ভোর ৪টা থেকে ৬টার মধ্যে চুরির ঘটনা ঘটে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান প্রথম আলোকে বলেন, চুরির ঘটনাটি আজ দুপুরে পুলিশ জানতে পারে। এ ঘটনায় শ্রীলঙ্কার ওই নাগরিক মামলা করেছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।