ঢাবির মুহসীন হলের পত্রিকাকক্ষে খুলে পড়ল বৈদ্যুতিক পাখা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের পত্রিকাকক্ষের বৈদ্যুতিক পাখা খুলে টেবিলের ওপর পড়ে
ছবি:  সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের পত্রিকাকক্ষের বৈদ্যুতিক পাখা খুলে পড়েছে। আজ শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এ সময় ওই কক্ষে একজন শিক্ষার্থী ছিলেন। তিনি অক্ষত আছেন।

হল প্রশাসনের ‘সঠিক তদারকির’ অভাবে সিলিং ফ্যান খুলে পড়ার ঘটনা ঘটেছে বলে দাবি মুহসীন হলের একাধিক শিক্ষার্থীর। সন্ধ্যায় মুহসীন হলের প্রাধ্যক্ষ মাসুদুর রহমান বলেন, তিনি এ বিষয়ে অবগত নন।

হাজী মুহম্মদ মুহসীন হলের একাধিক ছাত্র প্রথম আলোকে বলেন, পাঠকক্ষে আসনসংকটের কারণে হলের পত্রিকাকক্ষে সংবাদপত্র পাঠের পাশাপাশি টেবিলে বসে চাকরি ও একাডেমিক পড়াশোনাও করেন শিক্ষার্থীদের কেউ কেউ ৷ আজ দুর্ঘটনাটি জুমার নামাজের সময় না হলে সেখানে হতাহতের ঘটনা ঘটতে পারত। দুর্ঘটনার সময় সেখানে একজন শিক্ষার্থীই ছিলেন। তিনি অল্পের জন্য রক্ষা পান। হল প্রশাসনের তদারকির অভাবেই এ ঘটনা ঘটে।

জানতে চাইলে প্রাধ্যক্ষ মাসুদুর রহমান আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এখনই খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নিচ্ছি।’