
রাজধানীর শাহজাহানপুরে বুধবার রাতে মারুফ হোসেন (১৬) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সে স্থানীয় একটি ওয়ার্কশপের কর্মচারী ছিল।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, মারুফ তার পালিত মায়ের সঙ্গে মানিকনগরের মৃধা লেনে থাকত। মারুফের জন্মের পর তার মা মারা যান। বাবা অন্যত্র থাকেন। মায়ের মৃত্যুর পরে মারুফকে লালনপালন করে আসছিলেন তার পালিত মা সুমি বেগম। মারুফ কুমিল্লার মেঘনা উপজেলার জয়পুর গ্রামের রুবেলের ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারুফের পালিত মা সুমি বেগম প্রথম আলোকে বলেন, শাহজাহানপুর পুরোনো পুলিশ ফাঁড়ির পাশে রাস্তায় কে বা কারা মারুফকে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় রেখে পালিয়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পরে রাত ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বুকের বাঁ পাশে ছুরিকাঘাতের জখম রয়েছে।
বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের পুলিশ পরিদর্শক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বলেন, মারুফের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।