ডেমরায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল আটটার দিকে ডেমরার বাঁশেরপুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. রাজীব (৩১)। তিনি লেগুনার চালক ছিলেন বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, দুর্ঘটনায় লেগুনায় থাকা ১৫ যাত্রী আহত হন। তবে তাঁদের কারও অবস্থা গুরুতর নয়। আহত ব্যক্তিদের মধ্যে ছয়জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ডেমরা থানার উপপরিদর্শক তাজুল ইসলাম বলেন, লেগুনাটি যাত্রাবাড়ী থেকে নারায়ণগঞ্জের ভূলতার দিকে যাচ্ছিল। আর আশিয়ান পরিবহন নামের বাসটি বিপরীত দিক থেকে আসছিল। ডেমরার বাঁশেরপুল এলাকায় বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার চালক ও যাত্রীরা আহত হন। লেগুনার চালককে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, এ ঘটনায় বাস ও লেগুনাটি জব্দ করা হয়েছে। বাসের চালক পালিয়ে গেছেন।

রাজীবের স্ত্রী ডালিয়া আক্তার জানান, তাঁদের বাসা ডেমরার পাইটি এলাকায়। রাজীব আজ ভোরে বাসা থেকে বের হন। পরে তিনি দুর্ঘটনার খবর পেয়ে ঢাকা মেডিকেলে আসেন। এসে দেখেন রাজীব মারা গেছেন।