
ঢাকা ডেন্টাল কলেজের আয়োজনে ‘অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড সার্টিফিকেট গিভিং সেরিমনি অন টিচিং মেথডলজি অ্যান্ড অ্যাসেসমেন্ট ট্রেনিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ঢাকা ডেন্টাল কলেজ ক্যাম্পাসে অংশগ্রহণকারী শিক্ষকদের মধ্যে সম্মাননা ও সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. টিটো মিঞা। অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করেছে রেনাটা লিমিটেড। দেড় বছর মেয়াদি এই ট্রেনিং প্রোগ্রামে ১৩৪ শিক্ষক অংশ নিয়েছিলেন। তাঁদের মধ্যে ১০ জনকে আনুষ্ঠানিকভাবে সনদ দেওয়া হয়।
অধ্যাপক মো. টিটো মিঞা বলেন, ‘মেডিকেল শিক্ষায় আমরা বর্তমানে প্রশাসনিক দায়িত্বে থাকলেও আমাদের মূল পরিচয় শিক্ষক হিসেবেই। ভালো লাগার জায়গাও ছাত্রদের শিক্ষা দেওয়া। সারা দেশে মেডিকেল শিক্ষা আরও গতিশীল করার জন্য আমরা কাজ করে যাচ্ছি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক বায়জীদ খুরশীদ রিয়াজ। তিনি শিক্ষকদের গুরুত্ব নিয়ে কথা বলেন। আরেক বিশেষ অতিথি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক আবুল বাশার মো. জামাল বলেন, শিক্ষকেরা দেশের সবচেয়ে সম্মানিত মানুষ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সেন্টার ফর মেডিকেল এডুকেশনের পরিচালক অধ্যাপক সৈয়দা শাহিনা সোবহান। তিনি বলেন, ‘আগে আমাদের মেডিকেল সেক্টরের শিক্ষকদের কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা ছিল না। কিন্তু বর্তমানে সারা দেশে সেই ব্যবস্থা করা হয়েছে।’
রেনাটা লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার তানবীর সাজিব চিকিৎসকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, আজকের রেনাটা যে অবস্থানে পৌঁছেছে, এর পেছনে সবচেয়ে বড় অবদান চিকিৎসকদের।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. হুমায়ুন কবির। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং সেন্টার ফর মেডিকেল এডুকেশনের অধ্যাপক কাজী আফজালুর রহমান, অধ্যাপক আমীর হোসাইন, অধ্যাপক মো. মোশাররফ হোসেন খন্দকার, মোহাম্মদ মাসুদুর রহমান, মিসবাহ উদ্দিন আহমেদ, অধ্যাপক মো. হুমায়ুন কবির তালুকদার, মো. জাহাঙ্গীর রশীদ ও এ এফ এম শহিদুর রহমান। বিজ্ঞপ্তি