ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

হরতালের সময় হাসপাতালে পর্যাপ্ত প্রস্তুতি নিতে স্বাস্থ্যের ডিজিকে ডিএমপির চিঠি

ঢাকা মহানগরের সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত স্ট্যান্ডবাই চিকিৎসক, শয্যা, জরুরি সেবা, অ্যাম্বুলেন্স (নার্সসহ) প্রস্তুত রাখতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে চিঠি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত রোববার ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের পক্ষে ওই চিঠিতে সই করেন ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো ডিএমপির ওই চিঠিতে বলা হয়, ১৯ ডিসেম্বর ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপির পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা প্রণয়ন করা হয়েছে। ডিএমপির গৃহীত নিরাপত্তাব্যবস্থা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ঢাকা মহানগরীর সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত স্ট্যান্ডবাই চিকিৎসক, শয্যা, জরুরি সেবা, অ্যাম্বুলেন্স (নার্সসহ) ইত্যাদি প্রস্তুত রাখা প্রয়োজন।

আজ মঙ্গলবার দুপুরে এ বিষয়ে জানতে চেয়ে যোগাযোগ করা হলে ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার প্রথম আলোকে বলেন, প্রতিটি হরতাল–অবরোধ কর্মসূচির আগে চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সচেতন রাখতে এ ধরনের চিঠি দেওয়া হয়।