ঢাকার রাস্তায় ঘুরে বেড়ায় একটুকরো আর্জেন্টিনা

ভাড়ায়চালিত রিকশা সাজিয়েছেন আর্জেন্টিনার ভক্ত মো. শান্ত
ছবি: মো. কাজল

রাজধানীর তেজগাঁও এলাকার সাতরাস্তা মোড়ে ট্রাফিক সিগন্যাল পড়তেই পথচারীদের চোখ আটকে যায়। সবার নজর একটি রিকশার দিকে।

রিকশাটি দেখেই মনে হয়, এ যেন ঢাকার রাস্তায় একটুকরো আর্জেন্টিনা!

রিকশাটির পেছনজুড়ে বড় ব্যানার। ব্যানারে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের গ্রুপ ছবি।

ব্যানারের নিচের দিকে বিশ্বকাপের ছবি। তার এক পাশে লিওনেল মেসি, অন্য পাশে ডিয়েগো ম্যারাডোনা।

আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতবে বলে আশাবাদী শান্ত

ব্যানারের ওপরের দিকে রিকশাচালক মো. শান্তর বড় ছবি। তাঁর গায়ে আর্জেন্টিনার জার্সি। মাথায় পতাকার ব্র্যান্ড। ব্যানারে বাংলাদেশ ও আর্জেন্টিনার সম্প্রীতির পতাকাও রাখা হয়েছে।

রিকশার হুডের এক পাশে টানানো হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা, অন্য পাশে আর্জেন্টিনার।

রিকশার সামনে বাংলাদেশ ও আর্জেন্টিনার বেশ কয়েকটি ছোট পতাকা লাগানো হয়েছে। রাখা হয়েছে একটি ভুভুজেলা। একটি ফুটবল ও কাচের ভেতর একটি ট্রফিও রাখা হয়েছে।

রিকশাচালক শান্তর গায়ে আর্জেন্টিনার জার্সি, পরনে ট্রাউজার। তাঁর দুই হাতের কবজিতে আর্জেন্টিনার ব্র্যান্ড।

পরে কথা হয় পঁয়তাল্লিশোর্ধ্ব রিকশাচালক শান্তর সঙ্গে। তিনি জানান, তাঁর বাড়ি জামালপুর। অনেক দিন ধরে ঢাকায় রিকশা চালান। এখন থাকেন বেগুনবাড়ি এলাকায়।

আর্জেন্টিনার ভক্ত শান্ত ঢাকায় ভাড়ায় রিকশা চালান

শান্ত বলেন, ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনা ফুটবল দলের ভক্ত। সেই ছোটবেলায় ম্যারাডোনার খেলা দেখে মুগ্ধ হয়েছেন। মূলত তাঁকে দেখেই আর্জেন্টিনার ভক্ত হন। এখনো এই দলের ভক্ত।

শুধু ‘ভক্ত’ বললে ভুল হবে। শান্ত আসলে আর্জেন্টিনার ‘পাঁড়ভক্ত’।

শান্ত ভাড়ায় রিকশা চালান। কাতার বিশ্বকাপ ফুটবলে নিজের প্রিয় দলকে সমর্থন দিতে তিনি ভাড়ার রিকশাটি নিজের মনের মতো করে সাজিয়েছেন। সেজেছেন নিজেও। এতে তাঁর খরচ হয়েছে প্রায় চার হাজার টাকা।

শান্ত বলেন, ‘কষ্ট করে টাকা কামাই। সেই টাকা প্রিয় দলের জন্য খরচ করেছি। সবকিছুই করেছি শখ থেকে, ভালোবাসা থেকে। প্রিয় দলের জন্য এটুকু তো করতেই হয়।’

এখন প্রতিদিন সকালে আর্জেন্টিনা দলের জার্সি, ট্রাউজার, ব্র্যান্ড পরে সাজানো রিকশাটি নিয়ে ঢাকার রাস্তায় বের হন শান্ত। তিনি বলেন, চলতি পথে পথচারী-যাত্রীসহ সবাই তাঁর দিকে তাকিয়ে থাকেন। তাঁকে নিয়ে সবাই একধরনের কৌতূহল বোধ করেন। অনেকে আগ্রহ নিয়ে তাঁর সঙ্গে কথা বলেন। এতে তিনি অনেক আনন্দ পান। তাঁর গর্বও হয়।

শান্তর স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে আছে। দুই মেয়ের বিয়ে হয়েছে। এক মেয়ে অষ্টম শ্রেণিতে পড়ছে। ছেলে মাদ্রাসায় পড়ে। পাশাপাশি সে একটি স্টুডিওতে কাজ করে।
শান্তর পরিবারের সদস্যরা জামালপুরে থাকেন। তিনি বেগুনবাড়িতে মেসে থাকেন। মেসে তাঁর মাসে খরচ হয় ১ হাজার ২০০ টাকা। তিনি দৈনিক ১২০ টাকায় রিকশা ভাড়া নিয়ে চালান। দিনে সব মিলিয়ে তাঁর আয় হয় ৫০০ থেকে ৬০০ টাকা।

রিকশাচালক শান্তর বাড়ি জামালপুর

রাজধানীর তেজগাঁও, বেগুনবাড়ি, তেজকুনিপাড়া, গুলশান, বনানী, মহাখালী, মগবাজারসহ বিভিন্ন এলাকায় রিকশা চালান শান্ত। তিনি বলেন, ফুটবল বিশ্বকাপ এলেই তিনি আর্জেন্টিনার সমর্থনে কিছু না কিছু করেন। এর আগেও তিনি ফুটবল বিশ্বকাপ উপলক্ষে রিকশা সাজিয়েছেন।

শান্ত বলেন, ‘আমি গরিব মানুষ। রিকশা চালাইয়া যে আয়, তা দিয়া নিজের চলতে হয়। বাড়িতে টাকা পাঠাইতে হয়। সাধ্যমতো রিকশা সাজাইছি। টাকা থাকলে আরও ভালো করে সাজাতাম।’

শান্তর ভাষ্য, রিকশা সাজানো, জার্সি কেনাসহ সব মিলিয়ে তাঁর খরচ হয়েছে প্রায় চার হাজার টাকা। রিকশা চালিয়ে যে আয় হয়, তা থেকেই এই টাকা খরচ করেছেন তিনি।

শান্ত বলেন, বয়স যখন ১০ বছর, তখন থেকেই তিনি আর্জেন্টিনার ভক্ত। আর্জেন্টিনাকে ভালো লাগে, তাই মনের আনন্দে এসব করছেন তিনি।

ছোটবেলা থেকেই আর্জেন্টিনা ফুটবল দলের ভক্ত শান্ত

আর্জেন্টিনা দলের তিন খেলোয়াড়ের নাম শান্তর মুখস্থ। তাঁরা হলেন মেসি, ডি মারিয়া ও দিবালা। তিনি বলেন, সবার নাম তো আর মনে রাখা সম্ভব নয়।

এবার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে বলে আশাবাদী শান্ত। তিনি বলেন, ‘আমার তো মনে হয়, আর্জেন্টিনাই এবার বিশ্বকাপ জিতবে। দল ভালো খেলছে, দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।’

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক আর না-ই জিতুক, আজীবন দলটিকে সমর্থন করে যাবেন বলে জানান রিকশাচালক শান্ত। তিনি বলেন, ‘হার-জিত দিয়া তো আর আর্জেন্টিনা করি না। ভালো লাগা থেকে আর্জেন্টিনা করি।’