
দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার আগামী তিন বছরের (২০২৬–২৯) জন্য নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ফাইন্যান্স বিভাগের অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী এই পর্ষদের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। একই সঙ্গে সংস্থার কার্যক্রম গতিশীল করতে গত ৪ জুন থেকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন মো. মিজানুর রহমান খান।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে প্রশিকা প্রাতিষ্ঠানিক সুশাসন ও স্বচ্ছতা বজায় রেখে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে আরও জোরালো ভূমিকা রাখবে।
প্রশিকার নবনিযুক্ত চেয়ারপারসন এম জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর মাইক্রোফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টেরও নির্বাহী পরিচালক।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব স্টার্লিং থেকে ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
শিক্ষাবিদ হিসেবে জাহাঙ্গীর আলম চৌধুরী কানাডার ইউনিভার্সিটি অব টরন্টো, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব স্টার্লিং এবং ফিলিপাইনের এশীয় উন্নয়ন ব্যাংকসহ (এডিবি) বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে সিনিয়র ফেলো ও ভিজিটিং স্কলার হিসেবে কাজ করেছেন। ক্ষুদ্রঋণ, দারিদ্র্য বিমোচন ও জলবায়ু অর্থায়ন বিষয়ের এই গবেষকের দেশি-বিদেশি জার্নালে প্রায় ৩০টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। একাডেমিক কাজের পাশাপাশি বিশ্বব্যাংক, ইউএনডিপি ও ডিএফআইডিসহ বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় সংস্থায় পরামর্শক হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। এ ছাড়া উন্নয়ন ও গবেষণামূলক কাজে তিনি বিশ্বের ৭০টির বেশি দেশ ভ্রমণ করেছেন।
অন্যদিকে, গত ৪ জুন থেকে ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন মো. মিজানুর রহমান খান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী এই কর্মকর্তা ১৯৯৭ সালে এলাকা সমন্বয়কারী হিসেবে প্রশিকায় কর্মজীবন শুরু করেন। দীর্ঘ প্রায় তিন দশকের কর্মজীবনে বিভিন্ন পদে সুনামের সঙ্গে দায়িত্ব পালনের পর তিনি পরিচালক পদে উন্নীত হন। মাঠপর্যায় থেকে উঠে আসা এই সংগঠকের বাড়ি ময়মনসিংহের গৌরীপুরে।
প্রশিকার নতুন পরিচালনা পর্ষদে ভাইস চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গ্যানাইজেশনের (ইএসডিও) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. শহীদ উজ জামান। ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন শমরিতা হাসপাতালের জেনারেল ম্যানেজার মো. নুরুল ইসলাম তুহিন। এ ছাড়া কোষাধ্যক্ষ হিসেবে বিশিষ্ট নারী অধিকার কর্মী ও উন্নয়নকর্মী রফিকা আক্তার এবং সদস্য হিসেবে অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সমাজকর্মী মো. আবদুল খালেক তালুকদার ও সমাজকর্মী রেণুকা বিশ্বাস দায়িত্ব পেয়েছেন।
পর্ষদের অন্য সদস্যরা হলেন পিদিম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এডভিন বরুণ ব্যানার্জী, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক মো. সালেহ বিন শামস এবং সেন্টার ফর ও ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেসের (সিডিআইপি) নির্বাহী পরিচালক মিফতাহ নাইম হুদা।
নতুন এই কমিটির অধীন প্রশিকার প্রাতিষ্ঠানিক সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে দেশের সর্বত্র সংস্থার কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট ব্যক্তি ও উন্নয়ন সহযোগীরা।