
সেবা খাতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা) নতুন কমিটির সভাপতি হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক ওবায়দুর মাসুম। আর সাধারণ সম্পাদক হয়েছেন আমাদের সময়ের জ্যেষ্ঠ প্রতিবেদক শাহজাহান মোল্লা। তাঁরা ২০২৪ সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।
শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় একটি হোটেলে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা শেষে নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। কমিটিতে সহসভাপতি হিসেবে এটিএন বাংলার প্রধান প্রতিবেদক শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইনডিপেনডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক হাসিফ মাহমুদ শাহ, অর্থ সম্পাদক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার নিলয় মামুন, সাংগঠনিক সম্পাদক বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার আবির হাকিম, দপ্তর ও প্রচার-প্রকাশনা সম্পাদক হিসেবে বাংলাভিশনের স্টাফ রিপোর্টার সাদ্দাম হোসাইনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আজকের পত্রিকার বিশেষ প্রতিনিধি তোফাজ্জল হোসেন, ভোরের কাগজের জ্যেষ্ঠ প্রতিবেদক রুহুল আমিন, বাংলাদেশ প্রতিদিনের জ্যেষ্ঠ প্রতিবেদক জয়শ্রী ভাদুড়ী ও রফিকুল ইসলাম রনি কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন।
নতুন এই কমিটি ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবে। সভায় সভাপতিত্ব করেন ডুরার বিদায়ী সভাপতি মো. রুহুল আমিন। সঞ্চালনায় ছিলেন বিদায়ী সাধারণ সম্পাদক জয়শ্রী ভাদুড়ী। বার্ষিক সাধারণ ডুরার সদস্যরা উপস্থিত ছিলেন।