সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

বনানীতে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, মাদক উদ্ধার

রাজধানীর বনানী এলাকায় বাসের চাপায় শাহাদাত হোসেন নামে রাইড শেয়ারিং মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলচালক।

রোববার বিকেল সাড়ে চারটার দিকে বনানী সেতু ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত মোটরসাইকেলচালক বাপ্পিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, বিমানবন্দর রেলস্টেশনের সামনে থেকে যাত্রী নিয়ে মোটরসাইকেলচালক বাপ্পি তেজগাঁওয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান চালক ও যাত্রী।

ওসি আরও জানান, যাত্রী শাহাদাত হোসেনের মাথার ওপর দিয়ে বাসের চাকা চলে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুরুতর আহত চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি ব্যাগ গাঁজা পাওয়া গেছে। সেখানে কতটুকু মাদক ছিল, তা যাচাই করা হচ্ছে। এ ছাড়া সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বাসটি শনাক্তের চেষ্টা চলছে।