এক প্রতিবাদ কর্মসূচি থেকে ফেরার পথে তিন নেতার ওপর ছাত্রলীগের ‘হামলার’ প্রতিবাদে বিক্ষোভ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ)। হামলার ঘটনার যথাযথ বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে তারা। দেশের সর্বত্র ছাত্রলীগের কারণে মানুষ আতঙ্কিত, এমন অভিযোগ করে ছাত্র ফ্রন্টের নেতারা বলেছেন, এমন কোনো ন্যায়সংগত আন্দোলন নেই, যেখানে ছাত্রলীগ হামলা করেনি।
আজ মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে ছাত্র ফ্রন্টের নেতারা এসব কথা বলেন। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে নিরাপদ সড়ক আন্দোলনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (বাসদ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শোভন রহমান, ঢাকা নগর শাখার দপ্তর সম্পাদক সোহাগী সামিয়া ও স্কুলবিষয়ক সম্পাদক ফেরদৌস বাঁধনের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
গত রোববার রাজধানীর কুনিপাড়া এলাকা থেকে ফার্মগেটে কোচিংয়ে যাওয়ার পথে বিজি প্রেসের সামনে একটি প্রাইভেট কারের ধাক্কায় নিহত হয় তেজগাঁও সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী আলী হোসেন। এর বিচার ও নিরাপদ সড়কের দাবিতে সোমবার সকাল ১১টা থেকে ফার্মগেটের আল-রাজি হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। দুই ঘণ্টা পর ঘাতক মাইক্রোবাসের চালককে গ্রেপ্তারের খবরে তাঁরা রাস্তা ছেড়ে দেন। এ কর্মসূচি থেকে ফেরার পথে ছাত্রলীগের হামলার শিকার হওয়ার অভিযোগ করেন ছাত্র ফ্রন্টের (বাসদ) সাধারণ সম্পাদক শোভন রহমান, ঢাকা নগর শাখার নেতা সোহাগী সামিয়া ও ফেরদৌস বাঁধন। এর প্রতিবাদেই আজ রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ ডাকা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি মুক্তা বাড়ৈ। তিনি বলেন, গত রোববার সকালে সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষার্থী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে গুরুতর আহত করে।
হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর প্রতিবাদ করতে গিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতা-কর্মীরা ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন। এমন কোনো আন্দোলন, শান্তিপূর্ণ সমাবেশ নেই, যেখানে ছাত্রলীগ হামলা করেনি। এত স্পর্ধা তারা কোথায় পায়? বর্তমান স্বৈরাচার সরকারের মানুষের ভোটের প্রয়োজন হয় না। তাদের প্রয়োজন হয় বাহুবল আর ক্ষমতা। তাদের দমন-পীড়নের বিরুদ্ধে মানুষ ফুঁসে উঠছে।
ছাত্র ফ্রন্টের (বাসদ) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সুহাইল আহমেদের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাজীব কান্তি রায়, ঢাকা নগর শাখার সভাপতি অনিক কুমার দাস ও দপ্তর সম্পাদক সোহাগী সামিয়া।