রাজধানীর রামপুরায় তেলের লরির ধাক্কায় মো. নাজমুল ইসলাম (৪৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ সোমবার সকাল ৯টার দিকে রামপুরা ব্রিজ ইউলুপের ঢালে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল প্রভিটা গ্রুপের উপব্যবস্থাপক ছিলেন। তাঁর বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নারায়ণপুর গ্রামে। তিনি বনশ্রীতে পরিবারের সঙ্গে বসবাস করতেন।
নাজমুলের সহকর্মী ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, সকালে বনশ্রীর বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে গুলশান-২ এলাকায় অফিসে যাওয়ার পথে দ্রুতগতির একটি তেলের লরি ধাক্কা দিলে নাজমুল সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে রামপুরা ট্রাফিক পুলিশের সহায়তায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর তেলের লরি জব্দ ও চালককে আটক করেছে পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক প্রথম আলোকে বলেন, নাজমুল ইসলামের মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।