
সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে ২৬৩ জনের মৃত্যু হলো। এ সময় ২৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আগের দিন ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরে ১৪১ ও ঢাকার বাইরে ১০৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১ হাজার ২১২ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে ঢাকা মহানগরের ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬৯০ জন এবং অন্যান্য বিভাগে চিকিৎসা নিচ্ছেন ৫২২ জন।
এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯ হাজার ৬৯৫ জন।
এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১১৩ জন মারা যান গত নভেম্বরে। চলতি বছরে এ পর্যন্ত ঢাকা বিভাগে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১৬৪ জন মারা গেছেন। এর মধ্যে ঢাকা মহানগরে মারা গেছেন ১৬২ জন।