জিগাতলা এলাকায় একটি ভবন পরিদর্শন করছে বিশেষ টাস্কফোর্স। ২৫ জুন
জিগাতলা এলাকায় একটি ভবন পরিদর্শন করছে বিশেষ টাস্কফোর্স। ২৫ জুন

এডিস মশার লার্ভা মিলল নির্মাণাধীন দুটি ভবনে, জরিমানা এক লাখ টাকা

ডেঙ্গু প্রতিরোধে রাজধানীর জিগাতলা ও যাত্রাবাড়ীর দক্ষিণ কুতুবখালী খাল এলাকায় অভিযান চালিয়েছে নবগঠিত বিশেষ টাস্কফোর্স। আজ বৃহস্পতিবার পরিচালিত অভিযানে জিগাতলার দুটি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবন দুটির মালিককে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধবিষয়ক জাতীয় কমিটি’র সিদ্ধান্তে গঠিত টাস্কফোর্সের সভাপতি ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানের অংশ হিসেবে জিগাতলার বিভিন্ন বসতবাড়ির ছাদ ও বেজমেন্ট, হোটেল-রেস্তোরাঁ এবং নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়।

পরিদর্শনের সময় জিগাতলায় দুটি ব্যক্তিমালিকানাধীন নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যায়। দণ্ডবিধির ২৭০ ধারায় ভবন দুটির মালিককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। লার্ভা পাওয়া ভবনের প্রবেশপথে লাল কালিতে চিহ্নিত বিশেষ সতর্কতামূলক লিফলেটও সেঁটে দেওয়া হয়।

গণপূর্ত অধিদপ্তরের কয়েকটি সরকারি আবাসিক এলাকাতেও লার্ভা জন্মানোর উপযোগী পরিবেশ ও ময়লা জমে থাকতে দেখা যায়। এ জন্য বাসিন্দা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। পথচারী ও ব্যবসায়ীদের যত্রতত্র ময়লা না ফেলতে অনুরোধ করার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযান শেষে মীর শাহে আলম বলেন, ‘মোবাইল কোর্ট পরিচালনা করে শাস্তি দেওয়া আমাদের মূল উদ্দেশ্য নয়; আমাদের উদ্দেশ্য হলো জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। আমরা চাই, ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক নাগরিক নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করুন।’

পরে টাস্কফোর্সের সদস্যরা দক্ষিণ কুতুবখালী খাল পরিদর্শন করেন। খাল ও এর আশপাশ পরিষ্কার রাখার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি। রাজধানীর বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান প্রতিমন্ত্রী।

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে জাতীয় কমিটির সিদ্ধান্ত মাঠপর্যায়ে বাস্তবায়ন, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয় এবং কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য গত মঙ্গলবার উচ্চপর্যায়ের এই টাস্কফোর্স গঠন করা হয়। পরদিন গতকাল বুধবার গুলশানে প্রথম অভিযান চালিয়ে একটি রেস্তোরাঁয় বিপুল পরিমাণ লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

বৃহস্পতিবারের অভিযানে রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমান এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মো. রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।