ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে ঠিকানা পরিবহনের একটি বাসের চালক ও সহকারীর অসদাচরণের প্রতিবাদে শিক্ষার্থীরা প্রায় ২০টি বাস আটক করেন। মুহসীন হল মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৮ নভেম্বর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে ঠিকানা পরিবহনের একটি বাসের চালক ও সহকারীর অসদাচরণের প্রতিবাদে শিক্ষার্থীরা প্রায় ২০টি বাস আটক করেন। মুহসীন হল মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৮ নভেম্বর

হাফ পাস নিয়ে ছাত্রীকে হেনস্তার অভিযোগ, ২০ বাস আটকে রাখলেন ঢাবি শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে বাসের চালক ও সহকারীর অসদাচরণের অভিযোগে ঠিকানা পরিবহনের প্রায় ২০টি বেশি বাস আটকে রেখেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল মাঠে বাসগুলো আটকে রাখা হয়। পরে মুচলেকা নিয়ে বেলা আড়াইটার পর বাসগুলো ছেড়ে দেওয়া হয়।

গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক ছাত্রীর সঙ্গে ঠিকানা পরিবহনের একটি বাসের চালক ও সহকারীর অসদাচরণের প্রতিবাদে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপ ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-২’-এ দেওয়া এক পোস্টে ওই শিক্ষার্থী ঘটনার বর্ণনা দেন।

ওই শিক্ষার্থী জানান, গতকাল সকালে মা ও বোনকে নিয়ে ঠিকানা পরিবহনের একটি বাসে সিটি কলেজ থেকে বাইপাইল যাচ্ছিলেন। এ সময় বাসের সহকারী তাঁদের কাছে ৯০ টাকা ভাড়া চান। তবে তাঁর জানা অনুযায়ী, ওই পথে ভাড়া ৭০ টাকা। এ নিয়ে আপত্তি জানালে বাসের সহকারীর সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁকে পুরো ভাড়াই দিতে হয়। এরপরও বাসের সহকারী তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন।

ওই ছাত্রীর অভিযোগ, তিনি শিক্ষার্থী পরিচয় দিয়ে পরিচয়পত্র দেখিয়ে অর্ধেক ভাড়া (হাফ পাস) দিতে চেয়েছিলেন। এ সময় বাসের চালক ক্ষুব্ধ হয়ে বলেন, এখন থেকে আর হাফ ভাড়া নেওয়া হবে না, সবাইকে পুরো ভাড়া দিতে হবে। বাস থেকে নামার সময় তাঁর মা সহকারীর আচরণের প্রতিবাদ করলে ওই সহকারী তাঁকে ‘বেয়াদব’ বলেন। বিনা ভাড়ায় তাঁদের বাসে নিলেও পোষাবে না বলেও মন্তব্য করেন তিনি। বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব ১৫৭৬২৬।

এ ঘটনার প্রতিবাদে আজ একদল শিক্ষার্থী ঠিকানা পরিবহনের বাসগুলো আটকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, গণপরিবহনে শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার ও অপমানজনক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ঘটনার সুষ্ঠু বিচার এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বাসগুলো মুহসীন হল মাঠে রাখা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন) বলেন, শিক্ষার্থীদের বাস আটকে রাখার বিষয়টি তিনি জানেন। পরিবহন মালিকপক্ষের সঙ্গে তাঁর কথা হয়েছে। আলোচনার মাধ্যমে বসে এ বিষয়ে একটি সমাধানে পৌঁছানো যাবে বলে তিনি আশা করছেন।

পরে বেলা আড়াইটার পর মুচলেকা নিয়ে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।