আর্জেন্টিনার জয়ে ঢাবিতে আনন্দ মিছিল

ম্যাচের ফল নির্ধারণ হওয়ার সঙ্গে সঙ্গে উৎসবে মাতেন আর্জেন্টিনার সমর্থকেরা
ছবি: সাজিদ হোসেন

আতশবাজি, পটকা, মিছিল, নাচ, ভুভুজেলা বাঁশির আওয়াজ ও পতাকা নিয়ে মোটরসাইকেলের শোডাউনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিজয় উদ্‌যাপন করছেন সমর্থকেরা। বিশ্বজয়ী আর্জেন্টিনার উচ্ছ্বসিত সমর্থকেরা ‘মেসি, মেসি’ বলে স্লোগানও দেন। রোববার দিবাগত রাত ১২টার দিকে খেলা শেষ হওয়ার পরপরই ক্যাম্পাসের টিএসসি এলাকায় শুরু হয় জয় উদ্‌যাপন। এ সময় টিএসসিসহ আশপাশের এলাকা ছিল লোকে লোকারণ্য।

বিশ্বজয়ী আর্জেন্টিনার উচ্ছ্বসিত সমর্থকেরা ‘মেসি, মেসি’ বলে স্লোগানও দেন

ঢাবি ক্যাম্পাসে সন্ধ্যা থেকেই খেলা দেখতে আসা মানুষের ভিড় জমে যায়। সাড়ে সাতটার দিকে কানায় কানায় পূর্ণ হয়ে যায় টিএসসিতে স্থাপিত দুই ডিজিটাল স্ক্রিনের সামনের জায়গা। তাঁদের কেউ এসেছিলেন সপরিবার, কেউ বন্ধু–পরিচিতজনদের সঙ্গে। আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি পরিয়ে শিশুদের নিয়েও কোনো কোনো মা–বাবা এসেছিলেন। আর্জেন্টিনার জার্সি গায়ে সহপাঠী ও জ্যেষ্ঠ-কনিষ্ঠ শিক্ষার্থীদের সঙ্গে প্রিয় দলকে সমর্থন জানান আর্জেন্টিনা-সমর্থক শিক্ষার্থীরাও।

আতশবাজি, পটকা, মিছিল, নাচ, ভুভুজেলা বাঁশি বাজিয়ে সমর্থকদের উচ্ছ্বাস

বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে সব খেলা দেখাতে মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের সৌজন্যে ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুটি এবং হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে একটি ডিজিটাল স্ক্রিন বসানো হয়েছিল। এসব স্থানে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখেছেন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা নানা শ্রেণি-পেশার মানুষ। আগের ম্যাচগুলোর ধারাবাহিকতায় রোববারও খেলা দেখতে ক্যাম্পাসে ভিড় জমে হাজারো মানুষের। এর বাইরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও এর আশপাশের এলাকাগুলোতেও ছিল ফাইনাল খেলা দেখার ব্যবস্থা।

শাসরুদ্ধকর ফাইনালে নির্ধারিত সময়ে ফল না আসায় টাইব্রেকারের মধ্য দিয়ে ফল নির্ধারণ হওয়ার সঙ্গে সঙ্গেই টিএসসি এলাকায় শুরু হয় আর্জেন্টিনার জয় উদ্‌যাপন।

আতশবাজি, পটকা, মিছিল, নাচ ও ভুভুজেলা বাঁশির আওয়াজে পুরো এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়। নানাভাবে আর্জেন্টিনার বিজয় উদ্‌যাপনে শামিল হন সমর্থকেরা। উদ্‌যাপনে অংশ নেওয়া ঢাবি ছাত্র মো. সৈকত বলেন, ৩৬ বছর পর প্রিয় দল আর্জেন্টিনা বিশ্বকাপ জিতল। এ রাত স্মরণীয় হয়ে থাকবে।