ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাদা দলের মানববন্ধন

খালেদা জিয়া ও মির্জা ফখরুলের মুক্তি দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আজ মানববন্ধন করেন বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের নেতারা
ছবি: আসিফ হাওলাদার

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির গ্রেপ্তার সব নেতা-কর্মীর মুক্তি দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। একই সঙ্গে গণগ্রেপ্তার বন্ধ করা এবং নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে তারা।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক মানববন্ধনে সাদা দলের নেতারা এসব দাবি জানান। মানববন্ধনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের কড়া সমালোচনা করেন বিএনপিপন্থী শিক্ষকেরা।

মানববন্ধনে সভাপতিত্ব করে সাদা দলের আহ্বায়ক মো. লুৎফর রহমান। তিনি বলেন, ‘আজ দেশে একটি ক্রান্তিলগ্ন চলছে। এই ক্রান্তিলগ্ন থেকে জাতির উত্তরণে দেশের ১৮ কোটি মানুষের প্রাণের দাবি গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার চলমান আন্দোলনে সহমত জানানোর জন্যই আমাদের এই মানববন্ধন।’

লুৎফর রহমান বলেন, ‘২৮ অক্টোবরের মহাসমাবেশ পণ্ড করার পর বিএনপির ওপর দায় চাপিয়ে দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির যেসব সদস্য ও অন্য যেসব নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা তাঁদের মুক্তি দাবি করছি। একই সঙ্গে মুক্তি দাবি করছি দেশনেত্রী খালেদা জিয়ার। চলমান গণগ্রেপ্তারও বন্ধের দাবি জানাচ্ছি। চলমান পরিস্থিতি থেকে উত্তরণের উপায় বের করা একটি বড় বিষয়। সেটি সরকারের হাতে। সরকারকেই এই দায়িত্ব নিতে হবে।’

সরকারের উদ্দেশে লুৎফর রহমান বলেন, ‘আপনারা যদি জনগণের ভাষা বুঝতে না পারেন, তাহলে জনগণের দাবি ও গণ–আন্দোলনের কাছে আপনাদের পদত্যাগ করতেই হবে। হয় জনগণের আন্দোলনের চাপে নতি স্বীকার করে আপনারা পদত্যাগ করবেন, অন্যথায় এই আন্দোলন ও এ দেশের গণতন্ত্র নিয়ে বিদেশি মহল যে উদ্বেগ ব্যক্ত করেছে, তাদের চাপে হয়তো আপনাদের পদত্যাগ করতে হবে। অন্যদিকে দেশের অর্থনৈতিক অবস্থা, বাজারমূল্য, মানুষের সবকিছু বিবেচনায় নিলে হয়তো একদিন দেশ চালাতে ব্যর্থ হয়েও আপনাদের পদত্যাগ করতে হতে পারে। তাই সরকারের প্রতি আহ্বান, আপনারা গণদাবি মেনে নিয়ে পদত্যাগ করুন এবং নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচনের ব্যবস্থা করুন।’

সাদা দলের সাবেক আহ্বায়ক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, দেশে চরম দুঃশাসন চলছে। বর্তমান সরকার ইতিহাসের নৃশংসতম সরকার। জাতি এই ফ্যাসিস্ট সরকারের অবসান চায়। ২৮ অক্টোবরের ঘটনা সরকারের সাজানো। বর্তমান সরকার যেকোনো উপায়ে আন্দোলনকে নস্যাৎ করতে চায়। পুরো দেশকে তারা কারাগারে পরিণত করেছে।

সাদা দলের যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান খান বলেন, দুটি প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন বর্তমান সরকার সংবিধানের দোহাই দিয়ে একপেশে নির্বাচনের সব আয়োজন নিয়ে এগিয়ে যাচ্ছে। দেশে একটা অরাজক পরিবেশ তৈরির মাধ্যমে বিএনপিকে বাদ দিয়েই আরেকটি নির্বাচনের পরিকল্পনা করছে তারা। দুই দিন আগে একটি উপনির্বাচনে (লক্ষ্মীপুর-৩ আসন) ৫৭ সেকেন্ডে ৪৩টি ভোট দিয়ে একজন হাফ সেঞ্চুরি করতে পারেনি! এই হলো বাংলাদেশের চিত্র।

মানববন্ধনে অন্যদের মধ্যে সাদা দলের নেতা আখতার হোসেন খান, মামুন আহমেদ, এমরান কাইয়ুম, নকিব মোহাম্মদ নসরুল্লাহ, শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।