
গণতন্ত্রের বিকাশ এবং টেকসই উন্নয়নের স্বার্থে গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য। কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগের কারণে গণমাধ্যমের স্বাধীনতার পথে হুমকি তৈরি হয়েছে। পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতার পথে বাধা সৃষ্টির কারণে নাগরিক সমাজের কাজের ক্ষেত্র সংকুচিত হওয়ার বিষয়টিও উদ্বেগের।
গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের আলোচনায় বক্তারা এই অভিমত ব্যক্ত করেন। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর দপ্তর ‘মানবাধিকার এবং বাংলাদেশের গণমাধ্যম’ শীর্ষক ওই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
আলোচনায় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাতালি শুয়ার্ড এবং ইউরোপীয় ইউনিয়নের উপরাষ্ট্রদূত বার্নড স্পেনিয়ার নিজেদের দেশের পরিস্থিতি তুলে ধরেন।
সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাতালি শুয়ার্ড বলেন, যেকোনো সমাজের জন্য গণমাধ্যমের স্বাধীনতা গুরুত্বপূর্ণ। এটি গণতন্ত্রকে শক্তিশালী করে।
আলোচনার সঞ্চালক ও জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, একটি দায়িত্বশীল এবং বিশ্বাসযোগ্য গণমাধ্যম সব পক্ষকে দায়বদ্ধ থাকতে বাধ্য করে। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, গণমাধ্যম গণতন্ত্রের মূল ভিত্তি, যা মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাবেরি গায়েন, আর্টিকেল ১৯–এর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রভাষক শামীম রেজা তালুকদার প্রমুখ আলোচনা করেন।
বিভিন্ন বক্তার মতামতের জবাব দিতে গিয়ে আলোচনায় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের জনগণের সুরক্ষার স্বার্থে ডিজিটাল নিরাপত্তা আইন অপরিহার্য।