যাত্রাবাড়ীতে পানিভর্তি বালতিতে পড়ে শিশুর মৃত্যু

লাশ
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার একটি বাসায় বাথরুমে রাখা পানিভর্তি বালতিতে পড়ে তিন বছরের এক শিশু মারা গেছে।

ওই শিশুটির নাম আবদুর রহমান। স্বজনেরা বলছেন, আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

শিশুটির বাবা মো. শাকিব প্রথম আলোকে বলেন, আবদুর রহমানের মা ফাতেমা বেগম দুপুরে অন্য কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় সে বাথরুমে ঢুকে পানিভর্তি বালতির ওপর পড়ে। কিছুক্ষণ পর তাকে বাথরুম থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বাবা শাকিব আরও বলেন, আবদুর রহমানকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আবদুর রহমান তাঁর একমাত্র সন্তান। শাকিবের গ্রামের বাড়ি কুমিল্লায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ পরিবার নিয়ে গেছে।