
রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁর নাম ঋতু কর্মকার (২৭)। আজ শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুপুরে তিনি মারা যান। পুলিশের ধারণা, তিনি কীটনাশক পান করেছিলেন।
ঋতু কর্মকারের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়েছে। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।
পুলিশ পরিদর্শক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ঋতু কর্মকার আজিমপুরের একটি মেসে থাকতেন। অসুস্থ অবস্থায় গতকাল শুক্রবার তিনি তাঁর পূর্বপরিচিত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক শিক্ষার্থীর কাছে (নারী হোস্টেল) আসেন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার দুপুর ১২টার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। প্রাথমিকভাবে জানা যায়, ঋতু কর্মকার কীটনাশক পান করেছিলেন।
মৃত্যু সংবাদ শুনে ঢাকা মেডিকেল কলেজে আসা আসেন ঋতু কর্মকারের চাচি পূর্ণিমা কর্মকার। তিনি প্রথম আলোকে বলেন, উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য ঋতু কর্মকারের বিদেশ যাওয়ার কথা ছিল। সেই প্রস্তুতি নিচ্ছিলেন ঋতু। তাঁর গ্রামের বাড়ি রাজশাহী বাঘা উপজেলায়।