পাঁচ দফা দাবিতে আজ মানববন্ধন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা
পাঁচ দফা দাবিতে আজ মানববন্ধন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা

‘দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এখন দুর্যোগে’

জনবলকাঠামো, নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে আজ বৃহস্পতিবার মানববন্ধন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। রাজধানীর মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সামনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাঁরা এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে উপস্থিত কর্মকর্তারা বলেন, জনবল–সংকট সমস্যার সমাধান ছাড়াও তাঁদের অন্যতম দাবি, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের পদ ও বেতন গ্রেড উন্নীতকরণ করা।

বক্তারা বলেন, অন্যান্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা নির্দিষ্ট সময়ের ব্যবধানে পদোন্নতি পেয়ে উঁচু পদে যেতে পারেন। কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের এ সুযোগ নেই। তাঁদের দপ্তরে যাঁরা অফিস সহকারী কিংবা পিআইও পদে ঢুকছেন, ওই পদে থেকেই অবসর নিচ্ছেন। একই দেশে দুই রকম নিয়ম থাকতে পারে না।

পাঁচ দফা দাবিতে উল্লেখ করা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২-এর আলোকে প্রস্তাবিত জনবলকাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের মতো দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদের নাম পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সব শূন্যপদ পদোন্নতি/চলতি দায়িত্ব/নিয়োগের মাধ্যমে পূরণ।

আক্ষেপ করে এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘দেশের প্রতিটি উপজেলায় আমাদের কার্যক্রম আছে। দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ বিশ্বসেরা। কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এখন দুর্যোগে। আমাদের দাবিগুলো যদি বাস্তবায়ন করা না হয়, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’