
ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস আজ বুধবার জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাজধানীর কারওয়ান বাজারে কমিশনের কার্যালয়ে এসে সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত। জাতীয় মানবাধিকার কমিশনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
আজ সাক্ষাতের শুরুতেই মার্কিন রাষ্ট্রদূত হাস নবগঠিত কমিশনকে অভিনন্দন জানান। কমিশনের চেয়ারম্যান কমিশনের কার্যক্রম ও অগ্রাধিকার সম্পর্কে তাঁকে জানান।
এ সময় বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা ও মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশের মার্কিন দূতাবাস ও জাতীয় মানবাধিকার কমিশনের মধ্যে কীভাবে সহযোগিতা বাড়ানো যায়, সে বিষয়ে আলোচনা হয়।
কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ বলেন, নবগঠিত কমিশন মানবাধিকার সুরক্ষায় আরও কার্যকরভাবে কাজ করার লক্ষ্যে কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে। দেশের মানুষকে মানবাধিকারের বিষয়ে সচেতন করা ও সমাজে মানবাধিকার সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে যেখানেই মানবাধিকার লঙ্ঘন হবে, কমিশন সোচ্চার থাকবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে জানতে চাইলে কমিশন চেয়ারম্যান বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন যথাযথ আয়োজনের মাধ্যমে জনমানুষের ভোটাধিকার নিশ্চিত করবে, কমিশন এ প্রত্যাশা করে। রাষ্ট্রদূত পিটার ডি হাস মানবাধিকার সুরক্ষার লক্ষ্যে কমিশনের পরিপ্রেক্ষিত পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল সম্পর্কে জানতে পেরে সন্তুষ্টি জানান। পাশাপাশি তিনি মানবাধিকার সুরক্ষায় কমিশন, মার্কিন দূতাবাস ও যুক্তরাষ্ট্র সরকারের সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার প্রস্তাব দেন।
এ সময় সভায় কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা, সচিব নারায়ণ চন্দ্র সরকার, উপপরিচালক ফারহানা সাঈদ উপস্থিত ছিলেন।