সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

শ্যামপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর শ্যামপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ধাক্কা দেওয়ার ঘটনায় তাজওয়ার রহমান অর্ক (২২) নামে পলিটেকনিকের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাতটার দিকে পশ্চিম জুরাইনের সালাউদ্দিন পেট্রলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। সাত-আট মাস আগে বাগ্‌দান হওয়া অর্ক কেরানীগঞ্জে হবু শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সড়কের পাশে শাহ সিমেন্ট কোম্পানির একটি ট্রাক দাঁড় করানো ছিল। এ সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলচালক অর্ক ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে শ্যামপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়।

শ্যামপুর থানার পুলিশ জানায়, তাজওয়ার রহমান অর্ক ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার স্বনির্ভর রোড এলাকায়। বাবার নাম গাজী হাফিজুর রহমান ও মা তাসলিমা রহমান। অর্ক ঢাকার পূর্ব রামপুরায় একটি বাসায় থাকতেন।