আ.লীগ–বিএনপির সমাবেশ ও শ্রমিক আন্দোলনে রাজধানীতে যানজটের ভোগান্তি

যানজটে আটকে আছে গাড়ি। ঢাকার বাড্ডা এলাকায় দুপুরের পর তীব্র যানজটের ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। ১৬ জানুয়ারি, ঢাকা
ছবি: প্রথম আলো

একই দিনে রাজধানীতে প্রধান দুই রাজনৈতিক দলের কর্মসূচি এবং পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে আজ সোমবার নগরীর বিভিন্ন এলাকায় যানজট হয়েছে। এতে গন্তব্যে যেতে দীর্ঘক্ষণ রাস্তায় যানবাহনে বসে থাকতে হয় নগরবাসীকে। এ ছাড়া অনেক জায়গায় যানবাহন না পেয়ে ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। গণপরিবহনসংকট ও যানজটের কারণে বাধ্য হয়ে বাস থেকে নেমে হেঁটেই রওনা হয়েছেন অনেকে। সন্ধ্যার পর যানজট আরও ভয়াবহ আকার ধারণ করে।

সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ দুপুরে নয়াপল্টনের সামনে মিছিল-সমাবেশ করেছে বিএনপি। পাল্টা কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা সকাল থেকেই রাজপথে ছিলেন। এর মধ্যে সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন দলটির নেতা–কর্মীরা। এ ছাড়া শাহবাগ, ফার্মগেটসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সমাবেশ করেছে দলটি।

এদিকে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে শরিক হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে গণতন্ত্র মঞ্চ। অপর দিকে খিলক্ষেত ও আশপাশের এলাকায় বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা।

পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে বাড্ডা এলাকায় দীর্ঘ যানজট হয়। ফলে অনেকেই বাস পাচ্ছিলেন না। দুপুরের দিকে ২০ মিনিটের বেশি অপেক্ষার পর একটি বাসে ওঠেন মো. শাহজাহান নামের এক শিক্ষার্থী। তিনি বলেন, বাড্ডায় আজ বাসের সংকট।

বিকেলে জিপিও মোড়ে (গুলিস্তান) কথা হয় গাড়িচালকের সহকারী মো. মামুনের সঙ্গে। তিনি বলেন, ‘পোশাকশ্রমিকদের বিক্ষোভের কারণে খিলখেত থেকে কুড়িল পর্যন্ত তীব্র যানজট ছিল। এই রাস্তাটুকু (খিলখেত-কুড়িল) পার হতে আড়াই ঘণ্টা সময় লেগেছে। কুড়িল থেকে রাস্তা ফাঁকা থাকায় বিজয়নগর পর্যন্ত আধা ঘণ্টায় চলে আসি। বিজয়নগর থেকে আবার যানজট। বিজয়নগর থেকে জিপিও পর্যন্ত আসতে ৪০ মিনিটের মতো লেগে গেছে।’

যানজটে স্থবির ঢাকার রাজপথ। ছবিটি বিকেলে গুলিস্তান জিপিও মোড় থেকে তোলা। ১৬ জানুয়ারি, ঢাকা

মামুন বলেন, ‘অন্যান্য দিন দুপুরে বের হয়ে সারা দিনে তিনটা ট্রিপ দিই। আজকে দুইটা দিতে পারব কি না, জানি না।’

বাসের মতো যানজটের কবলে পড়েন রিকশাযাত্রীরাও। বিকেলে ফকিরেরপুল থেকে এক যাত্রী নিয়ে আধা ঘণ্টায় জিপিও পর্যন্ত আসেন রিকশাচালক সুধান্য চন্দ্র বর্মণ। তিনি বলেন, ‘যানজট না থাকলে সাত থেকে আট মিনিটে চলে আসতাম। সেখানে আধা ঘণ্টার বেশি সময় লাগল।’ এই রিকশার যাত্রী মো. হায়দার আলী বলেন, ‘যে যানজট, তাতে বাসে করে লালবাগ যেতে অনেক সময় লাগবে। তাই বেশি খরচ করে রিকশায় যাচ্ছি।’

রাজধানীর অন্যান্য এলাকায়ও নগরবাসীকে যানজটের ভোগান্তি পোহাতে হয়েছে। কারওয়ান বাজার মোড় পার হয়ে সোনারগাঁও হোটেলের সামনে থেকে শিকড় পরিবহনের একটি বাসে করে জিপিও মোড় পর্যন্ত চার কিলোমিটারের কম রাস্তা পার হতে সময় লেগেছে ৫৪ মিনিট। তার মধ্যে সবচেয়ে বেশি লেগেছে শাহবাগ মোড়ে। সেখানে দীর্ঘ সময় বাস দাঁড়িয়ে থাকায় অনেককেই বাস থেকে নেমে হাঁটতে দেখা যায়।