মেয়র আনিসুল হক সড়ক

সড়কে ট্রাক রাখা নিয়ে ‘টম অ্যান্ড জেরি’ খেলা হচ্ছে: মেয়র আতিক

তেজগাঁওয়ের মেয়র আনিসুল হক সড়ক থেকে অবৈধ ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ অভিযান দেখতে আসেন মেয়র আতিকুল ইসলাম
ছবি: প্রথম আলো

রাজধানীর তেজগাঁওয়ে মেয়র আনিসুল হক সড়কে ট্রাক রাখা নিয়ে আর ‘টম অ্যান্ড জেরি’ খেলা চান না ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

আজ বুধবার সকালে ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ অভিযানে গিয়ে মেয়র আতিক এ কথা বলেন।

মেয়র বলেন, ‘আমরা এখানে এলে রাস্তা খালি হয়ে যায়। আবার আমরা ফিরে গেলে আগের মতোই সড়ক দখল হয়ে যায়। ট্রাকমালিক ও চালকেরা আমাদের আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে টম অ্যান্ড জেরি খেলা খেলছে।’

এমন খেলা আর খেলতে দেওয়া হবে না জানিয়ে মেয়র বলেন, ‘ট্রাকচালকদের এমন খেলার কারণে সড়কে যানজট হচ্ছে, জনগণের ভোগান্তি হচ্ছে। জনগণের চলাচল বাধাগ্রস্ত করে এই রাস্তায় আর কোনো ট্রাক রাখতে দেওয়া হবে না।’

বেলা সাড়ে ১১টার দিকে আনিসুল হক সড়কে অবৈধ ট্রাকস্ট্যান্ড উচ্ছেদে ঢাকা উত্তর সিটির ভ্রাম্যমাণ আদালতের অভিযান ছিল। ওই সময় মেয়র আতিকুলও সড়কটি পরিদর্শনে যান। তখন ট্রাকমালিক সমিতি কার্যালয়ের সামনে সড়কজুড়ে ট্রাক রাখতে দেখা গেছে। পরে মেয়রের নির্দেশে ট্রাকগুলো সরিয়ে দেওয়া হয়।

অবৈধ ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ অভিযান দেখতে আসেন মেয়র আতিকুল ইসলাম

উচ্ছেদ অভিযান চালানোর যাবতীয় প্রস্তুতি থাকলেও ট্রাকচালক ইউনিয়ন ও শ্রমিক ফেডারেশনের নেতাদের প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে কোনো ট্রাক জব্দ করা হয়নি বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির কর্মকর্তারা। অভিযানে গিয়ে আবারও ট্রাক রাখা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মেয়র হুঁশিয়ারি দেন।

মেয়র পুরো রাস্তা ঘুরে দেখে বলেন, ‘রেললাইনের পরই লেগুনার স্টেশন। এ ধরনের স্টেশন কোনোভাবেই থাকতে পারবে না। কোনো ট্রাক-কাভার্ড ভ্যান দাঁড় করিয়ে রাখা যাবে না।’ এ সময়  ট্রাকমালিকেরা ট্রাক রাখার প্রয়োজনীয় জায়গা তাঁদের নেই জানিয়ে মেয়রকে জায়গার ব্যবস্থা করার অনুরোধ জানান।

আতিকুল ইসলাম তখন বলেন, ‘আগে রাস্তা খালি করতে হবে। পরে আপনাদের কথা শুনব। আপনারা মালিক ও চালকেরা কথা শুনলে, সহযোগিতা করলে আমিও আপনাদের সহযোগিতা করব। আজ থেকে এই রাস্তায় কোনো গাড়ি পার্কিং করে রাখা যাবে না, এটি আপনারা নিশ্চিত করবেন।’

পরিদর্শন শেষে মেয়র সাংবাদিকদের বলেন, ‘রিকশার জন্য আলাদা রাস্তা (লেন) করে দেওয়া হয়েছে। সেদিক দিয়ে রিকশাসহ অযান্ত্রিক যান চলবে। বিষয়টি পুলিশ নিশ্চিত করবে।’

পুলিশের ট্রাফিক বিভাগের প্রতিনিধি মেয়রকে সাতরাস্তা হয়ে ফার্মগেটে যাওয়ার রেলক্রসিংয়ের রাস্তাটি সোজা করে দিলে যানজট কমবে বলে জানান। মেয়র এ নিয়ে রেলমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার ও ঢাকা উত্তর সিটির প্রধান প্রকৌশলীকে এ বিষয়ে জরিপ করে নকশা তৈরির নির্দেশনা দেন।

বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি তালুকদার মো. মনির প্রথম আলোকে বলেন, ‘মেয়র রাস্তায় ট্রাক না রাখার নির্দেশ দিয়েছেন। আমরা প্রতিশ্রুতি দিয়েছি, আজ থেকে রাস্তায় আর কোনো ট্রাক রাখা হবে না। বিষয়টি নিশ্চিত করতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে ও ট্রাকচালক নেতাদের নিয়ে ৯ সদস্যের একটি কমিটি করে দেওয়া হয়েছে। কমিটি বিষয়টি নিশ্চিত করবে।’

এই নেতা আরও বলেন, ট্রাকস্ট্যান্ডের পাশেই টিঅ্যান্ডটির একটি খালি জায়গা রয়েছে। জায়গাটি আমরা মেপে দেখেছিলাম। প্রায় ৯ একর রয়েছে। এটি আমাদের ব্যবহার করতে দিলে সেখানেই ট্রাকগুলো রাখা যাবে।