রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, কিশোরের লাশ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর বংশালে সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে চিকিৎসাধীন অবস্থায় সালমা বেগম (৬৫) নামের এক নারী মারা গেছেন। তিনি পুরান ঢাকার ধোলাইপাড়ের স্থায়ী বাসিন্দা ছিলেন। এদিকে লালবাগে মোহাম্মদ রাকিব (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাকিবের বাড়ি পটুয়াখালী।

নিহত সালমা বেগমের মেয়ের জামাই মনির হোসেন প্রথম আলোকে বলেন, তাঁর শাশুড়ি শুক্রবার সন্ধ্যায় বংশালের মোগলটুলী এলাকা থেকে হেঁটে হাজি আবদুল্লাহ সরকার লেনে যাওয়ার পথে নর্থসাউথ রোডে লেগুনার ধাক্কায় গুরুতর জখম হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়। আজ শনিবার তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে শনিবার বেলা সাড়ে তিনটার দিকে রাকিবের মরদেহ উদ্ধার করে পুলিশ। লালবাগ থানার উপপরিদর্শক তারেক আজীজ প্রথম আলোকে বলেন, লালবাগের শহীদনগরের ১ নম্বর গলির টিনশেডের ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকত রাকিব।

সেখানে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিবের পরিবার জানায়, এক কিশোরীর সঙ্গে রাকিবের প্রেমের সম্পর্ক ছিল। প্রেমঘটিত বিরোধের জেরেই সে আত্মহত্যা করে। রাকিব চকবাজারে একটি গয়নার দোকানে কাজ করত। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।