
রাজধানীর মগবাজারে আজ বৃহস্পতিবার একটি বাসে আগুন দেওয়ার সময় স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।
হাতিরঝিল থানা-পুলিশ বলছে, আটক দুই ব্যক্তি হলেন এবাদুল ব্যাপারী (৩৭) ও সবুজ মিয়া (২৭)। তাঁদের কাছ থেকে দুই বোতল পেট্রল, গ্যাস লাইটার ও পুরোনো কাপড় জব্দ করা হয়েছে।
পুলিশের ভাষ্যমতে, এবাদুল হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। সবুজ হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন প্রথম আলোকে বলেন, আজ বেলা দেড়টার দিকে মগবাজারের গাবতলা এলাকায় একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা হয়। এ সময় হাতিরঝিল থানা-পুলিশ হাতেনাতে এবাদুল ও সবুজকে ধরে ফেলে।
ওসি আওলাদ হোসেন আরও বলেন, এবাদুল ও সবুজের বিরুদ্ধে মামলা হবে। এই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হবে।
বিএনপিসহ বিরোধীদের ডাকা তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিন আজ। এই অবরোধের মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় দলটি। পরে দলটির মহাসচিবসহ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদ ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ৩১ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত দুই দফায় পাঁচ দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি দেয় বিএনপি। গতকাল তৃতীয় দফায় দুই দিনের অবরোধ শুরু হয়।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, প্রথম দফার অবরোধের তিন দিনে মোট ৩০টি যানবাহনে আগুন দেওয়া হয়। আর দ্বিতীয় দফার অবরোধে আগুন দেওয়া হয় ২৩টি গাড়িতে।