হামলাকারীদের শনাক্তে কাজ চলছে: র‌্যাব

বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। আজ শনিবার দুপুরে রাজধানীর কাকরাইল এলাকায়
ছবি: তানভীর আহাম্মেদ

রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে ‘সন্ত্রাসী হামলা’র ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনার তৎপরতা শুরু হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

আজ বুধবার সন্ধ্যায় র‌্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, আজ সাধারণ মানুষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমকর্মীসহ রাজধানীর বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা চালায় দুষ্কৃতিকারী ও সন্ত্রাসীরা। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

খন্দকার আল মঈন আরও বলেন, সংবাদমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য, ভিডিও চিত্র ও সিসিটিভি ক্যামেরায় ধারণ হওয়া ভিডিও চিত্রসহ সংশ্লিষ্ট সব ধরনের তথ্য বিশ্লেষণ করে এসব হামলায় জড়িত দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছেন র‍্যাবের গোয়েন্দারা।

রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে কতিপয় দুষ্কৃতকারী ও স্বার্থান্বেষী মহল আজ রাজধানীর কাকরাইল, নয়াপল্টন, মতিঝিল, ফকিরাপুলসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের ওপর সন্ত্রাসী হামলা, গণপরিবহন–ব্যক্তিগত যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে জানিয়েছেন তিনি।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, প্রধান বিচারপতির বাড়িতেও হামলা করেছে সন্ত্রাসীরা। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা ও বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগও করে।

ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে দলটির নেতা–কর্মীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। সংঘর্ষে ৪১ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে।

বিএনপি আগামীকাল রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। মহাসমাবেশকে কেন্দ্র করে কাকরাইল, বিজয়নগর এলাকায় সংঘর্ষের ঘটনার মধ্যে হরতালের এ ঘোষণা দিয়েছে দলটি।