রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় অভিযান পরিচালনার সময় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। ১৩ সেপ্টেম্বর
রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় অভিযান পরিচালনার সময় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। ১৩ সেপ্টেম্বর

ঢাকা উত্তর সিটি

বাসাবাড়ি-দোকানে এডিসের লার্ভা, প্রায় ২ লাখ টাকা জরিমানা

ডেঙ্গুর মৌসুমে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। রাজধানীর ছয়টি এলাকায় অভিযান চালিয়ে এডিস মশার লার্ভা পাওয়ায় ২৮টি মামলা করেছেন সংস্থাটির ভ্রাম্যমাণ আদালত। এসব মামলায় মোট ১ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ রোববার মিরপুর-১০, রূপনগর, উত্তর পল্লবী, আগারগাঁও, উত্তরা-নিকুঞ্জ ও বারিধারা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। ডিএনসিসির নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট অতিস দশি চাকমা, এস এম রাসেল ইসলাম নূর, শরিফুল আলম তানভীর, প্রমথ রঞ্জন ঘটক ও দেদারুল ইসলামের নেতৃত্বে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ডিএনসিসি সূত্রে জানা যায়, আগামী তিন মাসের মশকনিধন কার্যক্রমের অংশ হিসেবে আজ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাড়ি ও বিভিন্ন স্থাপনায় এডিস মশার লার্ভার উপস্থিতি খুঁজে দেখা হয়। যেখানে লার্ভা পাওয়া গেছে, সেখানেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সবচেয়ে বেশি মামলা ও জরিমানা করা হয়েছে অঞ্চল-৬-এ। ওই অঞ্চলে মোট ১২টি মামলায় ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়। উত্তরা মডেল টাউনের ১১ নম্বর সেক্টর থেকে ১৪ নম্বর সেক্টর এবং তুরাগ থানাধীন ঢাকা উত্তর সিটির ৫১, ৫২, ৫৩ ও ৫৪ নম্বর ওয়ার্ড নিয়ে এই এলাকা গঠিত।

খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় অভিযান চালানো হয়। ১৩ সেপ্টেম্বর

এ ছাড়া অঞ্চল-৫ ও অঞ্চল-৪ দুটি অঞ্চলেই ৫টি করে ১০টি মামলা করা হয়। এর মধ্যে ৫ নম্বর অঞ্চলে ৪৫ হাজার এবং অঞ্চল-৪-এ ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। আর অঞ্চল-২-এ দুটি মামলায় ২৫ হাজার টাকা, অঞ্চল-৩-এ একটি মামলায় ৫ হাজার টাকা এবং অঞ্চল-১-এ তিনটি মামলায় ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

ঢাকা উত্তর সিটির অঞ্চল-৬-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, উত্তরা উত্তর মেট্রোস্টেশন থেকে দিয়াবাড়ি গোলচত্বর পর্যন্ত সারি সারি গাড়ি মেরামতের ওয়ার্কশপ রয়েছে। এসব ওয়ার্কশপে পরিত্যক্ত অনেক টায়ারে বৃষ্টির পানি জমে এডিসের লার্ভা জন্মেছে। ওই এলাকাতেই বেশির ভাগ জরিমানা করা হয়েছে। একটি ওয়ার্কশপকে সর্বোচ্চ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ডিএনসিসি জানিয়েছে, আগামী তিন মাসের কর্মসূচিতে শুধু জরিমানা বা অভিযান নয়, মশার প্রজননস্থল ধ্বংসে বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। এর মধ্যে রয়েছে সোর্স রিডাকশন, লার্ভিসাইডিং, ছাদবাগান পরিদর্শন, মশকনিধনবিষয়ক মাইকিং, নোবেলিউরন ট্যাবলেট প্রয়োগ এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরি করতে দিকনির্দেশনামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।