
জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অধীনে পরিচালিত ১০১টি প্রকল্পের বিস্তারিত তথ্য-উপাত্ত চেয়েছে জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে বিগত ১৬ বছরে এই মন্ত্রণালয়ের অনুকূলে বরাদ্দ করা অর্থ কীভাবে ব্যয় হয়েছে, তা-ও জানতে চেয়েছে কমিটি।
আজ শনিবার জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত সংসদীয় কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ১০১টি প্রকল্পের যাবতীয় তথ্য কমিটির আগামী বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
অবৈধ ইটভাটা বন্ধে বাংলাদেশ ব্যাংক থেকে অর্থায়ন বন্ধ করার সুপারিশ করে সংসদীয় কমিটি। এ লক্ষ্যে সংসদীয় কমিটি থেকে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি সারা দেশের বৈধ ও অবৈধ ইটভাটার পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া সরকারের বিভিন্ন নির্মাণাধীন অবকাঠামোর ক্ষেত্রে প্রচলিত ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের সুপারিশ করা হয়।
বৈঠকে কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং সদস্য জাহিদুল ইসলাম, মো. আবদুল মান্নান ও সুলতানা জেসমিন।