তেজগাঁওয়ে ট্রেন থেকে নামার সময় প্ল্যাটফর্মে পড়ে বৃদ্ধের মৃত্যু

তেজগাঁও রেলস্টেশন
ফাইল ছবি: প্রথম আলো

রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে ট্রেন থেকে নামার সময় প্ল্যাটফর্মে পড়ে এক বৃদ্ধ মারা গেছেন। বৃদ্ধের নাম আবদুল হালিম রাঢ়ী (৬৭)। আজ বুধবার বিকেল আনুমানিক চারটায় এ দুর্ঘটনা ঘটে।

জামালপুরের উদ্দেশে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা একটি কমিউটার ট্রেনের যাত্রী ছিলেন আবদুল হালিম। তিনি একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ‘সুপারভাইজার’ ছিলেন।

শাহজাহান মিয়া নামের একজন কুলি বলেন, ১ নম্বর প্ল্যাটফর্মে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান ওই বৃদ্ধ। এ সময় সেখানে অনেক লোক থাকলেও কেউ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিচ্ছিলেন না। এমন অবস্থা দেখে গুরুতর অবস্থায় বৃদ্ধকে তিনিই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

পুলিশ কর্মকর্তা বাচ্চু মিয়া বলেন, মরদেহের পকেটে জাতীয় পরিচয়পত্র ও একটি প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র পাওয়া গেছে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তাঁর ঠিকানা ২৮১ পূর্ব নাখালপাড়া, তেজগাঁও। আর প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র অনুযায়ী তিনি একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

রেলস্টেশনে বৃদ্ধের মৃত্যু নিয়ে আজ রাতে ঢাকা রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহমেদের সঙ্গে কথা হয়। বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে তিনি বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।