ধামরাইয়ে দগ্ধ ১৮ মাসের শিশুটি মারা গেছে

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
ফাইল ছবি

ঢাকার ধামরাই উপজেলায় একটি বাসার গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ ১৮ মাস বয়সী মরিয়ম মারা গেছে। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইয়ুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, মরিয়মের শরীরের ১৫ শতাংশ পুড়ে গিয়েছিল। পরিবারের দগ্ধ অন্য সদস্যদের অবস্থাও আশঙ্কাজনক।

গতকাল ভোরে ওই আগুনে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। দগ্ধ ব্যক্তিদের শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে শিশু মরিয়মের মৃত্যু হয়। পরিবারের অপর সদস্যরা হলেন শিশুটির মা জোসনা আক্তার (২৫), বাবা মনজুরুল ইসলাম (৩২), খালা হোসনে আরা (৩০) ও খালাতো বোন সাদিয়া আক্তার (১৮)।

মনজুরুল ইসলামের প্রতিবেশী মো. সুফিয়ান প্রথম আলোকে বলেন, শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে রান্নাঘরে আগুন ধরাতে গেলে হঠাৎ বাসায় আগুন ধরে যায়।