রাজধানীতে গ্রেপ্তার ১১১, মামলা ৮৫

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১১ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে তাঁদের মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ৮৫টি মামলা করা হয়েছে।

গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। রাজধানীর বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮৫টি মামলা করেছে পুলিশ।

পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে সাড়ে ৮ হাজার পিস ইয়াবা, ৭৭ কেজি গাঁজা, ৩৭ গ্রাম হেরোইন, ১০৫ বোতল ফেনসিডিল, ৩০০টি নেশাজাতীয় ইনজেকশন, তিন লিটার দেশি মদ, দুই ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে।