
রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে ‘নিখোঁজ’ প্রকৌশলী শাহরিয়ার কবির আজ বৃহস্পতিবার বিকেলে বাসায় ফিরেছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের উত্তরা অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার বদরুল হাসান প্রথম আলোকে বলেন, শাহরিয়ার কবির ফিরেছেন এটা নিশ্চিত হওয়া গেছে। তিনি এখন পরিবারের কাছে আছেন। তবে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
এ বিষয়ে জানতে শাহরিয়ারের মা রাশিদা আকতারের মুঠোফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
গত সোমবার শাহরিয়ার কবিরের মা রাশিদা আকতার তুরাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে জানিয়েছিলেন, তাঁর ছেলে (শাহরিয়ার) মেট্রোরেলের এমআরটি লাইন-৬ প্রকল্পের প্রকৌশলী হিসেবে কর্মরত। রোববার বিকেলে অফিস থেকে বেরিয়ে নিখোঁজ হন।
শাহরিয়ার নিখোঁজ হওয়ার পর পরিবারের কাছ থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে পুলিশ বলেছিল, প্রেমের কারণে পরিবারের প্রতি অভিমান করে তিনি আত্মগোপনে গিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে মেট্রোরেলের উত্তরা ডিপো থেকে বের হন তিনি। ক্লোজড সার্কিট টিভি (সিসিটিভি) ক্যামেরার ফুটেজে দেখা গেছে, তিনি একাই হেঁটে অফিস থেকে বেরিয়ে গেছেন। যাওয়ার সময় তিনি মুঠোফোন, ল্যাপটপসহ সব ধরনের ডিভাইস অফিসে রেখে গেছেন।
লালবাগের আজিমপুর এলাকায় মাসহ থাকেন শাহরিয়ার। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ কৌশল বিভাগে পড়াশোনা শেষে মেট্রোরেল প্রকল্পে যোগ দেন তিনি।