
রাজধানীর পল্লবীর বিহারি ক্যাম্পে মরদেহের গোসলখানা নির্মাণ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। শনিবার বিকেল চারটার দিকে এসব ঘটনা ঘটে।
পল্লবী থানা–পুলিশ সূত্রে জানা যায়, বিহারি ক্যাম্পের একটি মসজিদের পাশে মরদেহের গোসলখানা নির্মাণের কাজ চলছিল। আরেকটি পক্ষ সেখানে পানির পাম্প বসাতে চায়। এ নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে তা রূপ নেয় সংঘর্ষে। ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহের গোসলখানা নির্মাণ নিয়ে সংঘর্ষের সূত্রপাত। পরে স্থানীয় জামায়াত ও বিএনপির নেতা–কর্মীরাও সংঘর্ষে জড়ান। জামায়াতকর্মী মানিকের নেতৃত্বে আনুমানিক ৫০ থেকে ৬০ জন এবং ছাত্রদল নেতা সোহেল ও বিহারি সংগঠনের নেতা সাদাকাত খান ওরফে ফাক্কুর নেতৃত্বে ২০০-২৫০ জনের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে পাঁচটি ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটে।
সংঘর্ষের ঘটনার একটি সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা যায়, আট ব্যক্তি তিনটি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন। সবার মাথায় হেলমেট। তাঁদের মধ্যে দুজন হাত উঁচিয়ে ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে চলে যাচ্ছেন। গুলির শব্দে স্থানীয় বাসিন্দারা ভয়ে ছোটাছুটি করছেন।
ডিএমপির পল্লবী অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আশরাফুল ইসলাম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় এখনো উত্তেজনা বিরাজ করছে। তাঁরা ঘটনাস্থলে রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। কয়েকজন আহত হয়েছেন। এ বিষয়ে পরে বিস্তারিত জানাতে পারবেন।